রাজাপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

আদালতের নির্দেশের পরও হত্যা মামলা নিচ্ছে না থানা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪২
ঝালকাঠির রাজাপুরের স্কুলছাত্র আলীফ খুনের ঘটনায় তার মা সালমা বেগম ঝালকাঠি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি রাজাপুর থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ প্রদান করলেও আদালতের নির্দেশ অমান্য করে গত ১৪ দিনেও ওসি মামলা রেকর্ড করেননি বলে অভিযোগ পাওয়া গেছে। আদালতের মামলা সূত্রে জানা গেছে, রাজাপুর উপজেলা সদরের জালিয়াপাড়া এলাকার সাইদুল ইসলাম পরিবার-পরিজন নিয়ে ঢাকার গাজীপুরে বসবাস করেন। প্রায় ১৮ বছর পর গত ১৫ মার্চ শুক্রবার তার ছোট ছেলে আলীফ ও স্ত্রী নিয়ে গ্রামের বাড়িতে আসে। ১৬ মার্চ শনিবার হঠাত্ আলীফ নিখোঁজ হয়। আলীফের পরিবার বিষয়টি রাজাপুর থানা পুলিশকে জানালে তাদের সন্দেহের কারণে পুলিশ সাদেক ও প্রতিবেশী ইলিয়াছকে আটক করে। পরদিন রবিবার বাড়ির কাছের জালিয়াবাড়ি খাল থেকে আলীফের লাশ উদ্ধার করে পুলিশ। ২০ মার্চ আলীফের মা রাজাপুর থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে রাজাপুর থানার ওসি তার মামলা গ্রহণ করেননি বলে সালমা বেগম অভিযোগ করেন। ২৪ মার্চ সালমা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে ঝালকাঠি আদালতে হত্যার অভিযোগ এনে একটি নালিশী মামলা দায়ের করেন। আদালত ওইদিনই রাজাপুর থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দিলেও রবিবার পর্যন্ত ১৪ দিনেও মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়নি। রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ‘আলীফের ভিসেরা রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তবে ঝালকাঠি পুলিশ সুপারের সাথে আলোচনা করে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার ব্যবস্থা করা হচ্ছে।