সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪২
গত রবিবার চার স্থানে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত হয়। এসব স্থানে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে কিছু যানবাহন ভাংচুর করে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মুন্সীগঞ্জ \ রবিবার রাতে ঢাকা-মাওয়ায় মহাসড়কের লৌহজং উপজেলার খান সাহেবের বাড়ির কাছে বাসের ধাক্কায় রিকশারোহী সোহেল (৩২) নিহত ও রিকশাচালক আহত হয়েছে। মাওয়াগামী ইলিশ পরিবহনের একটি বাস এই দুর্ঘটনা ঘটিয়ে রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত অজ্ঞাতনামা রিকশাচালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে উত্তেজিত জনতা ইলিশ পরিবহনের একটি বাস পুড়িয়ে দেয়। এছাড়াও আরও ৪/৫টি বাস ভাংচুর করে। দুর্ঘটনাস্থলে শত-শত জনতা অবরোধ সৃষ্টি করে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। নওগাঁ \ নওগাঁ-রাজশাহী মহাসড়কের ডাক্তারের মোড় নামক স্থানে ট্রাকের চাপায় নয়ন হোসেন (১৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নয়ন হোসেন সদর উপজেলার হাল ঘোষপাড়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে। সদর থানার উপ-পরিদর্শক আশিক ইকবাল জানান, রবিবার নয়ন হোসেন সদর উপজেলার হাঁপানিয়া বাজার থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। ডাক্তারের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁ থেকে রাজশাহীগামী একটি ট্রাক দ্রুতগতিতে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। হবিগঞ্জ \ হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এতে আহত হয় অন্তত আরও ১০ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বাহুবল উপজেলা সদরের বাগানবাড়ি এলাকায় হবিগঞ্জ থেকে সিলেটগামী বিরতিহীন বাস (ঢাকা মেট্রো চ-২৬৭৯) ও বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। তারা হচ্ছে: পিকআপ ভ্যানচালক বরিশাল জেলা সদরের ধনডোবা এলাকার কুদ্দুছ মিয়ার ছেলে শামীম মিয়া (২০) ও হেলপার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা সদরের আব্দুল মোতালিবের ছেলে মিঠু মিয়া (১৭)। দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়। নবীগঞ্জ (হবিগঞ্জ) \ রবিবার ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর বাজারের কাছে পারাপারের সময় ইব্রাহিমউদ্দিন (৭) নামে ১ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্র শ্যামলী পরিবহনের বাসে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। সে উত্তর গজনাইপুর গ্রামের তালেবউদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকার উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে যানচলাচল স্বাভাবিক করা হয়। পাংশা (রাজবাড়ী) \ রাজবাড়ীর কালুখালী (বৃহত্তর পাংশা) উপজেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট মোড় নামক স্থানে রবিবার সড়ক দুর্ঘটনায় বাচ্চু নামে এক যুবক নিহত হয়েছে। নিহত বাচ্চু রাজবাড়ী সদর উপজেলার স্টেশন মহল্লার লিয়াকত আলীর ছেলে।