সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪৩
সৈয়দপুরে ক্ষুদ্র গার্মেন্টস মালিকদের প্রশিক্ষণ সমাপ্ত সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জেলার বাণিজ্যিক শহর সৈয়দপুরের ক্ষুদ্র গার্মেন্টস মালিকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন এসএমই শাখা ঢাকার এজিএম আ. ছালাম সরদার ও এসএমই শাখার প্রশিক্ষক মনিরুজ্জামান। এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সৈয়দপুর ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আখতার খান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান দুলু, রফিকুল ইসলাম বাবু প্রমুখ। চাঁদপুরে চারটি লঞ্চের জরিমানা চাঁদপুর প্রতিনিধি \ চাঁদপুরে মেঘনাবক্ষে রবিবার রাত ১২টা থেকে ভোর পর্যন্ত কোস্টগার্ডের অভিযানে যাত্রীবাহী লঞ্চে অতিরিক্ত যাত্রী ও জাটকা বহনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৪টি লঞ্চ থেকে ২৩ হাজার টাকা নগদ জরিমানা ও ২শ’ কেজি জাটকা উদ্ধার করে। কোস্টগার্ড সূত্রে জানা যায়, এমভি টিপু-২, এমভি কুকো-১, এমভি জাহিদ-৪ ও এমভি পানামা নামে ৪টি যাত্রীবাহী লঞ্চে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুরের মেঘনা অতিক্রম করার সময় কোস্টগার্ড স্টেশন কমান্ডার কে.এম.জে আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। কাউখালীতে ঘন ঘন লোডশেডিং কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ কাউখালীতে ঘন ঘন বিদ্যুত্ বিভ্রাট আর অব্যাহত লোডশেডিংয়ের কারণে উপজেলার বিদ্যুত্ গ্রাহকরা অতিষ্ঠ হয়ে উঠছে। গত ৪/৫দিন ধরে ভয়াবহ লোডশেডিং চলছে। ফলে এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। বার-বার ঘটা করে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলেও সেই তুলনায় বিদ্যুতের সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে না গ্রাহকরা। নিয়মিতভাবে বিদ্যুত্ না থাকলেও গ্রাহকদের মাসিক বিল সময়মতই পরিশোধ করতে হচ্ছে। উপজেলার ৫টি ইউনিয়নে ২৪ ঘন্টায় দিন ও রাতে লোডশেডিং হয় ৮ থেকে ১০ ঘন্টা। কম্পিউটারে পর্ণো ছবি রাখার অপরাধে জরিমানা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়ায় কম্পিউটারে পর্ণো ছবি রাখার অপরাধে তপন কুমার হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত উপজেলার ভাঙ্গারহাট বাজারে অবস্থিত মোবাইল সার্ভেসিং সেন্টারে অভিযান চালিয়ে লাটেঙ্গা গ্রামের তরনীকান্ত হালদারের ছেলে তপন হালদারকে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল এ রায় দেন। স্বরূপকাঠিতে লোডশেডিংয়ে জনজীবনে দুর্ভোগ স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠিতে লোডশেডিংয়ের ফলে চরম বিপাকে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীসহ সর্বস্তরের শিক্ষার্থী। অপরদিকে বিদ্যুত্ বিভ্রাটের কারণে কৌরিখাড়া বিসিক শিল্প নগরী, উপজেলার বিভিন্নস্থানে মিলসহ কল-কারখানায় উত্পাদন ব্যাহত হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে শিল্প-মালিকরা। দিনেরবেলায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুত্ থাকে না। ফলে উপজেলার বিভিন্ন হাট-বাজারের কম্পিউটার, ফটোস্ট্যাট দোকানীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সংবাদকর্মীরাও সংবাদ প্রেরণে বিড়ম্বনার শিকার হচ্ছেন। দিনাজপুরে ফ্রি চক্ষু চিকিত্সা ক্যাম্প স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুরের শিকদারগঞ্জ জনসেবা সমিতি ও বিএনএসবি চক্ষু হাসপাতাল এবং আউলিয়াপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু চিকিত্সা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সোমবার শিকদারহাট হাইস্কুলে চিকিত্সা ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক সাংসদ এ্যাড. এম. আব্দুর রহিম। আলহাজ্ব মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. মোসাদ্দেক ইয়াজদানী প্রমুখ। পবিপ্রবিতে নবনিযুক্ত কৃষি অনুষদের ডিন পবিপ্রবি সংবাদদাতা \ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের নবনিযুক্ত ডিন প্রফেসর মো. নিজামউদ্দিন গতকাল দায়িত্ব গ্রহণ করেছেন। অনুষ্ঠানে নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রবিউল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন বিদায়ী ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, প্রফেসর আলী আজগর ভূইয়া, প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত, প্রফেসর ড. সুলতান মাহমুদ, প্রফেসর আবুল কাশেম চৌধুরী, প্রফেসর বদিউজ্জামান, প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, প্রফেসর ড. মোঃ মহসীন হোসেন খান, প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক জাহিদ হাসান, সেকশন অফিসার জাহাঙ্গীর আলম ফারুক প্রমুখ। এ সময় নবনিযুক্ত কৃষি অনুষদের ডিন প্রফেসর মোঃ নিজামউদ্দিনকে ক্রেস্ট দেয়া হয়। জীবননগরে পুড়ে গেছে চার বিঘার সেগুনবাগান জীবননগর সংবাদদাতা \ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকার মাঠে আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে ৪ বিঘা জমির সেগুন। বাগান মালিক কাটাপোল গ্রামের আমির হোসেন জানান, তার বাগানের পাশে একই গ্রামের মশিয়ার রহমানের ভুট্টাক্ষেত রয়েছে। নিষেধ সত্ত্বেও সমপ্রতি তিনি ভুট্টা কেটে এর গাছ জমির আইলে স্তূপ করে রাখেন। গতকাল সোমবার উক্ত ভুট্টা খড়িতে আগুন গেলে তা পার্শ্ববর্তী সেগুন বাগানে ছড়িয়ে পড়লে ৪ বিঘা জমির সেগুন বাগান পুড়ে যায়। গফরগাঁওয়ে পুলিশের উপস্থিতিতে রেস্টুরেন্টে হামলা গফরগাঁও সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে গত রবিবার রাতে পৌর ছাত্রলীগের একদল সশস্ত্র নেতাকর্মী পুলিশের উপস্থিতিতে একটি রেস্টুরেন্টে ভাংচুর করেছে। জানা গেছে, রেলওয়ে স্টেশন এলাকার সোবাহান রেস্টুরেন্টে খাওয়ার বিল না দিয়ে চলে যাওয়ার সময় মালিক সুমন মিয়া বিল চাইলে ছাত্রলীগের একদল নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়। পাংশায় ১১টি ককটেল উদ্ধার পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা \ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুত্ স্টেশনের পার্শ্ব থেকে রবিবার সন্ধ্যায় ফলের কার্টুনে ভরা এগারটি ককটেল বোমা উদ্ধার করেছে পাংশা থানা পুলিশ। পাংশা থানার উপ-পরিদর্শক কামাল হোসেন ভূইয়া বলেন, পাংশার পল্লী বিদ্যুত্ স্টেশনে ককটেল বোমা বিস্ফোরণ করে ক্ষতিসাধন করার প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ফলের কার্টুনের মধ্যে সজ্জিত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়েছে। নবীগঞ্জে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সংবর্ধনা নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা \ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান ও ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকালে স্থানীয় দিনারপুর কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান আবুল খয়ের গোলাপ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মুশফিক হুসেন চৌধুরী। নগরকান্দায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের নগরকান্দার দহিসারা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন গত রবিবার মাদ্রাসার সভাকক্ষে দিনব্যাপী ভোট গ্রহণের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। দাখিল শাখায় আ. হাই মুন্সী, ফজলুল হক, নুর আলম মিলন এবং এবতেদায়ী শাখার আবু সাঈদ মুন্সী নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাহানারা বেগম। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার। নন্দীগ্রামে আওয়ামী লীগের আলোচনা সভা নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বিএনপি-জামায়াতের চলমান কর্মকাণ্ডের প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গত রবিবার বিকাল ৫.০০ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাঃ সম্পাদক আনিছুর রহমান, মোখলেছার রহমান মিন্টু, মানিক, রাজ্জাক, গোলাপ,উপজেলা যুবলীগের সফল যুবনেতা যুবলীগের আহবায়ক শ্রী তপন চন্দ্র মহন্ত দুলাল, যুবলীগের নেতা শুকুর, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আ. আজিজ, ছাত্রলীগের নেতা লিটন,শিবলু প্রমুখ। নওগাঁয় রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর প্রস্তুতি সভা নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্র কুঠির বাড়িতে বিশ্বকবির ১৫২তম জন্মজয়ন্তী উদযাপনের উদ্দেশ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ এনামুল হক। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তাহমিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মাহুফুজ ফারুক, সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমান, আত্রাই ও নওগাঁর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সুন্দরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী গ্রেফতার গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আলহাজ্ব হোসেন মোহাম্মদ স্মৃতি স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে আশরাফুল ইসলাম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। আশরাফুল সুন্দরগঞ্জ থানা জামায়াত ইসলামীর আমীর ইউনুস আলীর ছেলে। গত রবিবার পুলিশ এইচএসসি পরীক্ষা শেষে কলেজ ক্যাম্পাস থেকে আশরাফুল ইসলামকে গ্রেফতার করে। দৌলতদিয়ায় আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দ সংবাদদাতা \ গত রবিবার ভোররাতে গোয়ালন্দ থানা পুলিশ দৌলতদিয়া ঘাট থেকে খুলনা থেকে ঢাকাগামী একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস থেকে গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ রেহান আক্তার প্রিন্স (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। সে যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের আজিজুর রহমান বিশ্বাসের ছেলে। এব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় উত্তরা পরিবহন কাউন্টারে হামলা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়ায় উত্তরা পরিবহনের কাউন্টারে হামলা, চাঁদা না দেয়ায় ক্যাশ কাউন্টার লুট, ভাংচুর ও শ্রমিকদের মারধর করে সন্ত্রাসীরা। গতকাল রবিবার সকালে শহরের দক্ষিণ পৈরতলায় এঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। স্থানীয়রা জানায়, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রোডের পৈরতলায় উত্তরা পরিবহনের কাউন্টারে বেশ কিছুদিন যাবত্ সন্ত্রাসীরা মোবাইলে ও প্রকাশ্যে চাঁদা দাবি করে আসছে। সকালে ৮/১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাউন্টারে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা কাউন্টারের ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। তালায় মাদকাসক্ত যুবকের ২০ দিনের কারাদণ্ড তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ তালায় আসাদ শেখ (৩০) নামের এক মাদকাসক্ত যুবককে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার রহিমাবাদ গ্রামের মৃতঃ মোহর আলী শেখের পুত্র। শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পাশে মাদকদ্রব্য সেবনকালে সে পুলিশের হাতে আটক হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান তাত্ক্ষণিক ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে তাকে উক্ত শাস্তি প্রদান করেন। নড়িয়ায় মহিলা আওয়ামী লীগের কমিটি নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুর নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শনিবার বিকাল ৩টায় টায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নড়িয়া উপজেলা শাখা কাউন্সিল-২০১৩ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার কর্নেল শওকত আলী এমপি। মাজেদা শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদিকা ইয়াছমিন হোসেন, জেলা আওয়ামী সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে প্রমুখ। কাউন্সিলে রাবেয়া আক্তারকে সভাপতি ও সামছুন্নাহার মায়াকে সাধারণ সম্পাদিকা করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মাগুরায় শিশু আনন্দমেলা ও নাট্য প্রতিযোগিতা মাগুরা প্রতিনিধি \ মাগুরা আছাদুজ্জামান অডিটরিয়ামে ‘স্বপ্নের বাংলাদেশ আমরাই গড়বো’ এই শ্লোগান নিয়ে রবিবার অনুষ্ঠিত হয়েছে শিশু আনন্দ মেলা ও শিশু নাট্য প্রতিযোগিতা’। জেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ শিশু একাডেমী দিনব্যাপী এ আনন্দমেলা ও নাট্য প্রতিযোগিতার আয়োজন করে। নাট্য প্রতিযোগিতায় জেলা উদীচী ও থিয়েটার ইউনিটের শিল্পীরা নাটক পরিবেশন করে।