শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র শ্রীমঙ্গলের প্রায় ২ শত টেলিফোন গত ৭/৮ মাস যাবত্ নষ্ট হয়ে আছে। পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণকালীন মাটিকাটার সময় ভূগর্ভস্থ ক্যাবল ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় এ বিপর্যয় ঘটে। বিভাগীয় গুদামে ক্যাবল না থাকায় নষ্ট টেলিফোনগুলো চালু করা যাচ্ছে না বলে জানা যায়।
টিএন্ডটির মৌলভীবাজারস্থ সহকারী বিভাগীয় প্রকৌশলী ও শ্রীমঙ্গলস্থ উপ-সহকারী প্রকৌশলী জানান, গত বছরের মাঝামাঝি শ্রীমঙ্গল পৌরসভার সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ কাজ শুরু হবার সময় থেকে ক্যাবল কাটাপড়ায় দুর্ভোগ শুরু হয়। গুহ রোড, কলেজ রোড, ভানুগাছ রোড, মৌলভীবাজার রোড ও হবিগঞ্জ রোডে ক্যাবল কাটা পড়ে। ভূগর্ভস্থ ক্যাবলের অবস্থান নির্দেশনা উপেক্ষা করে নির্মাণ শ্রমিকরা গভীরভাবে মাটি কাটার ফলে ক্যাবল লাইন কাটা পড়ে। এভাবে গত ৭/৮ মাসে প্রায় ৭শত টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সহকারী বিভাগীয় প্রকৌশলী জানান, স্থানীয় টেলিফোন বিভাগ ইতিমধ্যে ক্যাবল লাইন জোড়া দিয়ে পাঁচশ টেলিফোন চালু করতে পারলেও আরো প্রায় দুইশত টেলিফোন চালু করা যাচ্ছে না। তিনি জানান, পৌরসভার ঠিকাদার বিভিন্ন স্থানে টিএন্ডটি ক্যাবল নিচে রেখেই ড্রেন বা রাস্তা নির্মাণ করে ফেলেছেন। এর ফলে এখন অনেক স্থানেই ক্যাবল খুঁজে পাওয়া যাচ্ছে না। সূত্র জানায়, শ্রীমঙ্গল পৌর কর্তৃপক্ষের কাছে এ সম্পর্কে বারবার চিঠি লেখা হয়েছে এবং প্রায় ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে পত্রও দেয়া হয়েছে কিন্তু পৌর কর্তৃপক্ষ একেবারেই নির্বিকার।
