কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরের সরকারি স্টাফ কোয়ার্টারসহ ৯টি বাড়িতে গণডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতিকালে ১৫ ভরি স্বর্ণালংকার, ১৫টি মোবাইল ফোন, নগদ ১ লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুট করেছে ডাকাতদল।
রবিবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত প্রায় ৭০ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কাজিপুর উপজেলা সদরের ইছামতি কোয়ার্টারের ৪টি, মধুমতি কোয়ার্টারের ৪টি বাসাসহ শিক্ষক আব্দুল মান্নানের বাসায় ডাকাতি করে। ডাকাত দলকে বাধা দেয়ায় ব্যবসায়ী শহিদুল ইসলাম (৪৫)কে মারাত্মকভাবে কুপিয়ে আহত করা হয়। তাকে প্রথম কাজিপুর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।
রাত ২টার দিকে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম শাফি ডাকাতির ঘটনাটি টের পেয়ে কাজিপুর থানায় টেলিফোনে খবর দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা হাত বোমা উদ্ধার করেছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত মতিয়ার রহমান ঘটনার সত্যতার স্বীকার করেছেন। সোমবার সিরাজগঞ্জ সদর সার্কেল এ.এসপি এহসানুল কবির খোকন ও উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম শাফি ও স্থানীয় অন্য কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
