ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। অপরদিকে ডাকাতের এলোপাতাড়ি মারপিটে এক এএসআই ও এক কনস্টেবল গুরুতর আহত হয়ে ঘোড়াঘাট হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। থানা সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে ঘোড়াঘাট থানার এএসআই জাবেদ সঙ্গীয় ৪ জন ফোর্সসহ ঘোড়াঘাট দিনাজপুর হাইওয়েতে ডিউটি করছিলেন। ব্রিজের অদূরে রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত রশি টানানো দেখে তারা মোটর সাইকেল থেকে নামলে সাথে সাথে ১৪/১৫ জনের এক ডাকাত দল তাদের উপরে আক্রমণ করে। অবস্থা বেগতিক দেখে সঙ্গীয় পুলিশ রাইফেলের এক রাউন্ড গুলি ছোঁড়ে। গুলির শব্দে ডাকাতরা পালাতে শুরু করলেও নিহত ডাকাত দুই পুলিশের মাথায় লাঠির আঘাত করে। এএসআই এ অবস্থাতেও চার রাউন্ড পিস্তলের গুলি ছোঁড়ে।
