খুলনার শীর্ষ সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২২:৪৭
খুলনার শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ও হিরু বাহিনীর প্রধান ফেরদৌস হোসেন হিরুর (৪৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর গ্রামের একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে এলাকাবাসী গ্রামের একটি ডোবা থেকে হিরুর লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে ৫টি গুলির চিহ্ন রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গাসহ তিনটি থানায় কেন্দ্রীয় যুবলীগের সহ-সভাপতি খুলনা সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা, র্যাবের দুই কর্মকর্তার ওপর হামলা, চাঁদাবাজি, অস্ত্র ও বোমাবাজিসহ ১৪ টি মামলা রয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে পুলিশ কিছুই জানাতে পারেনি। হিরুর স্ত্রী রত্নার ধারণা, আইন-শৃঙ্খলা বাহিনী অথবা পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামীকে হত্যা করা হতে পারে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী এ সম্ভাবনাকে নাকোচ করে দিয়েছে।