শাহজাদপুরে আবার এ্যানথ্রাক্স, ৫ জন আক্রান্ত

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২২:৪৮
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে আবারও এ্যানথ্রাক্স রোগ দেখা দিয়েছে। উপজেলার রুপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী পশ্চিমপাড়া ও বড় বিন্যাদাইর গ্রামে ৫ জন এ্যানথ্রাক্স রোগীকে ইতিমধ্যে সনাক্ত করা হয়েছে। শাহজাদপুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুর রহমান জানিয়েছেন, তারা সকলেই এ্যানথ্রাক্স এ আক্রান্ত হয়েছেন। চিকিত্সা দেয়া হচ্ছে, ভাল হয়ে যাবেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ কর্মচারীদের ইনচার্জ মোঃ আফছার আলী জানান, আক্রান্ত গ্রামে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী শিল্পী খাতুন সাধারণ বাড়ি পরিদর্শনের সময় রবি ও সোমবার দুইটি গ্রামে উল্লেখিত রোগীদের প্রাথমিকভাবে চিহ্নিত করেন। পরে ডাক্তাররা তাদের এ্যানথ্রাক্স রোগী হিসাবে সনাক্ত করে চিকিত্সা শুরু করেন। প্রত্যেকটি রোগীর ক্ষেত্রে গত কয়েকদিনের মধ্যে গরু বা ছাগলের মাংস খাওয়া অথবা নাড়াচাড়ার ঘটনা ঘটেছে।