গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দিতে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহত্ মহাবারুণীর স্নানোত্সব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উত্সব মুখর পরিবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কমপক্ষে ১০ লাখ পুণ্যার্থী দু’শ’ বছরের ঐতিহ্যবাহী এ স্নানোত্সবে অংশ নেন। স্নানোত্সবকে কেন্দ্র করে ওড়াকান্দিতে রবিবার থেকে ৫ দিনব্যাপী মহাবারুণীর মেলা শুরু হয়েছে।
শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২শ’ ২তম জন্মতিথি উপলক্ষে সোমবার ভোর ৩টায় গদীনশীল ঠাকুর ও মতুয়াচার্য শচিপতি ঠাকুর ও পদ্মনাভ ঠাকুর কামনা সাগরে স্নান করে স্নানোত্সবের শুভ সূচনা করেন। এরপর পাঁচ কুড়ির দল স্নানে অংশ নেয়। তারপর থেকে চলতে থাকে স্নানোত্সবের পালা । সোমবার দিনব্যাপী চলে স্নানোত্সব। দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকা , ভারতের পশ্চিমবঙ্গ , অসম ও ত্রিপুরা থেকে পুণ্যার্থীরা দলে দলে ঢাক, ঢোল, শংখ , কাশি বাজিয়ে লাল নিশান উড়িয়ে হরি বোল ধ্বনিতে এলাকা প্রকম্পিত করে স্নানোত্সবে অংশগ্রহণ করেন। সারাদিন বিভিন্ন বয়সের নারী- পুরুষসহ লাখ লাখ পুণ্যার্থী পাপ মুক্তি ও পাপ মোচনের আশায় স্নান করেন। স্নান সেরে ভক্তরা ঠাকুরের মন্দিরে প্রণাম করে সুখ ,শান্তি , সমৃদ্ধি ও ঠাকুরে কৃপা লাভের জন্য প্রার্থনা এবং গড়াগড়ি যান। আগত পুণ্যর্থীরা মন্দিরে হরি লীলামৃত ও ধর্মীয় ভক্তিগীতি পরিবেশন করেন। শ্রীধাম ওড়াকান্দির গাছতলায় সাধু সন্যাসীদের মিলন মেলা বসে। গোপালগঞ্জ জেলা শহর থেকে ২০ কিঃমিঃ উত্তর পশ্চিমে কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি লাখো হরি ভক্তের পদভারে মুখরিত হয়ে উঠেছিল। সেখানে তিল ধারণের ঠাঁই ছিল না। স্নানোত্সবে প্রতিবছরের ন্যায় এ বছর বিদেশি পর্যটকদের আগমন ঘটে।
