বাংলাদেশে সফররত পাকিস্তান ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির (এনডিইউ) ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কর্ণেল (অব.) শওকত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন এয়ার কমোডোর পীরজাদা কামালউদ্দীন এ সিদ্দিকী।
প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ভারপ্রাপ্ত স্পিকার সংসদ ভবনের গঠন শৈলী তথা স্থাপত্য শৈলীর বিস্তারিত বিবরণ দেন। পরে তিনি সরকার পদ্ধতি, সংসদীয় গণতন্ত্রের অবস্থা, সংসদে নারী সংসদ সদস্য সংখ্যা ও তাদের অনুপাত, সরকার ও বিভিন্ন দলের মধ্যে সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের মধ্যে আনুপাতিক হার নির্ধারণ প্রক্রিয়া, তাদের ভূমিকা, সংসদ কার্যক্রম, সংসদীয় কমিটি, কমিটিগুলোর গঠন, সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি, সংসদের স্থায়িত্বকাল, সংসদ অধিবেশন আহ্বান, সরকার ও বিরোধী দলের কার্যক্রম এবং স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন স্তরসহ প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন।
প্রতিনিধি দল বাংলাদেশে চলমান গণতান্ত্রিক ধারার প্রশংসা করেন এবং সার্ক ও অন্যান্য আঞ্চলিক কার্যক্রমে বাংলাদেশের অবস্থানসহ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। এ সময় ভারপ্রাপ্ত স্পিকার বিরোধী দলকে রাজপথে না থেকে সংসদে এসে তাদের কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আফ্রাসিয়াবসহ প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ডেপুটি লিডার ব্রিগেডিয়ার মোহাম্মদ ইকবাল তাহির, লে. কর্ণেল রাহাত নাসিম আহমেদ খান, লে.কর্ণেল ইনায়েত হোসেন, লে. কর্ণেল মোহাম্মদ ওয়াসিম সুলেমান, লে. কর্ণেল আমীর কিয়ানি, লে. কর্ণেল কামরান নাজির, লে. কর্ণেল শাকিল ফরিদি প্রমুখ উপস্থিত ছিলেন।
