বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের কারণে আজ মঙ্গলবারের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১৩ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালে ইংরেজি-১ (একাদশ), ডিপ্লোমা ইন কর্মাস ও এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন (দ্বাদশ) পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল।
হরতালে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা
এদিকে হরতালের মধ্যেও মঙ্গলবার পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) পার্ট-৩-এর (পঞ্চম সেমিস্টার) পরীক্ষা হবে। এ বিষয়ে মোট ৮০ জন পরীক্ষার্থী রয়েছেন এবং তাদের পরীক্ষা ঢাকায় একমাত্র কেন্দ্রে অনুষ্ঠিত হবে। গতকাল ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পার্ট-৩ (৫ম সেমিস্টার) পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়।
