জামায়াতকে রক্ষায় চেষ্টা চালাচ্ছে হেফাজত

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২২:৫৭
হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে গতকাল সোমবার রাজধানীর শতাধিক স্থানে মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ ১৪ দলের নেতৃবৃন্দ। এসব কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, হেফাজতে ইসলাম জামায়াতকে রক্ষা ও প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে। আর হেফাজতের পেছনে রয়েছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। গতকাল দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা হরতালের প্রতিবাদে জাতীয় ও সংগঠনের পতাকা হাতে নিয়ে জিরো পয়েন্ট থেকে মিছিল বের করে। মিছিলটি পল্টন ও তোপখানা রোড হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এর আগে সকাল থেকেই মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হন। সেখানে খণ্ড খণ্ড মিছিল করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। সেখানে হরতালের প্রতিবাদে মানববন্ধন করে আওয়ামী সমর্থক গোষ্ঠী। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ষড়যন্ত্র করে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। তিনি বলেন, হেফাজতে ইসলামের মানে এখন মানুষ বুঝে গেছে। তাদের পেছনে খালেদা জিয়া আর জামায়াত। বিএনপি-জামায়াত হেফাজতকে নিয়ে চক্রান্ত করতে চেয়েছিল। কিন্তু তাদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল শেষে মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশে নেতারা বলেন, হেফাজতে ইসলাম জামায়াতকে রক্ষা ও প্রতিষ্ঠা করতে চাচ্ছে। একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারাই হেফাজতে ইসলামকে ইন্ধন দিচ্ছে বলেও অভিযোগ করা হয় সমাবেশ থেকে। এছাড়া হেফাজতে ইসলামের অযৌক্তিক হরতাল, নারী সাংবাদিকদের ওপর নির্যাতন ও ঘাতক দালাল নির্মূল কমিটির সমাবেশে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সংস্কৃতিক জোট ও জাতীয় গণতান্ত্রিক লীগ। এসময় বক্তারা বলেন, হেফাজতে ইসলাম জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ও যুদ্ধপরাধীদের বিচার চায় না বলেই হরতাল দিচ্ছে। এছাড়া হরতালের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক লীগ। এদিকে হরতালে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, মিরপুর, সায়েন্স ল্যাব, গুলিস্তান, রামপুরা, বাড্ডা ও মালিবাগসহ বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা। তবে হরতালবিরোধী এসব তত্পরতার কেন্দ্রবিন্দু ছিল বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ওলামা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে। জাতীয় শ্রমিক লীগ সকালে মতিঝিলের বিমান অফিসে হরতালবিরোধী শ্রমিক জমায়েত করেছে। পরে মিছিল সহকারে সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন। সদরঘাটের ঘাট শ্রমিকরা মিছিল সহকারে বঙ্গবন্ধু এভিনিউতে আসেন।