মন্ট্রিয়লের আদালতে পদ্মা সেতু দুর্নীতির শুনানি শুরু

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২২:৫৮
মন্ট্রিয়লের আদালতে আজ শুরু হতে যাচ্ছে বহুল আলোচিত পদ্মা সেতু দুর্নীতির শুনানি। কানাডার সর্ববৃহত্ আন্তর্জাতিক প্রকৌশল প্রতিষ্ঠান ও পদ্মা সেতুর পরামর্শক সংস্থা এসএনসি-লাভালিনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কানাডীয় কেভিন ওয়ালিসক, ভারতীয় বংশোদ্ভূত রমেশ সাহা এবং বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে এসএনসি-লাভালিন এবং আরসিএমপির সাথে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে রাজি হয়নি। ঘুষ কেলেংকারির জন্য কানাডার এই তিন নাগরিকের বিরুদ্ধে এর আগে মামলার শুনানির তারিখ ছিল গত বছর ২৫ জুন। সেদিন তাদের পক্ষে আদালতে কোন আইনজীবী না থাকায় মামলাটির পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয় চলতি বছরের ৮ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। রয়্যাল কানাডিয়ান পুলিশ রমেশ সাহার ডায়েরির সূত্র ধরে লাভালিন থেকে চাকরিচ্যুত এবং অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। পরে তারা জামিনে মুক্তি পান। এ অবস্থায় তাদের আজ আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। আরসিএপমির কাছে রক্ষিত রমেশ সাহার সেই আলোচিত ডায়েরিটিই ঘুষ কেলেংকারির অন্যতম প্রধান প্রমাণ। ডায়েরির পাতা থেকে জব্দ ‘সাংকেতিক’ তথ্যের ভিত্তিতে শুনানিতে পদ্মা সেতুর দুর্নীতির বিষয়টি প্রমাণিত হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। এদিকে আরেক অভিযুক্ত বাংলাদেশের সাবেক মন্ত্রী আবুল হোসেনকে কানাডার আদালত তলব করেছে বলে যে খবর প্রচার করা হয়েছে, তার সত্যতা পাওয়া যায়নি। তবে এই শুনানির জন্য বাংলাদেশ দুদকের তদন্ত টিমের দুই কর্মকর্তা দুদকের সিনিয়র উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম এবং আইনজীবী আনিসুল হকের কানাডায় আসার কথা।