হরতাল সফল করুন:জামায়াত

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২২:৫৯
১৮ দলীয় জোটের পক্ষ থেকে ঘোষিত আজ মঙ্গল ও কাল বুধবার দেশব্যাপী ৩৬ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণ, বিরোধীদলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র ও ইসলামকে সমূলে উত্পাটন করার চক্রান্ত এবং সীমাহীন জুলুম-নির্যাতনের প্রতিবাদে ১৮ দলীয় জোট এ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, এ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। আজ শান্তিপূর্ণভাবে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের হরতাল চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ পুলিশের সাথে যৌথভাবে আলেম-ওলামাদের উপর হামলা চালিয়ে দেশের বিভিন্নস্থানে নৈরাজ্য সৃষ্টি করেছে। পুলিশ ও আওয়ামী লীগের হামলায় শত শত আলেম আহত হয়েছে। বিভিন্ন মাদ্রাসা ও প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তারা ইসলামী বই-পুস্তক ও মূল্যবান জিনিষপত্র পুড়িয়ে দিয়েছে। পুলিশ অন্যায়ভাবে অনেক আলেম ও ধর্মপ্রাণ মানুষকে গ্রেফতার করেছে। হেফাজতে ইসলামের ধর্মীয় আন্দোলনকে রাজনৈতিক রূপ দেয়ার জন্য তারা নানা কল্পকাহিনী তৈরি করে প্রচার করছে। বিবৃতিকে সরকারের জুলুম, নির্যাতন ও সকল অপকর্মের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং গ্রেফতারকৃত আলেম ও ধর্মপ্রাণ মানুষের নি:শর্ত মুক্তি দাবি করা হয়।