পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। সাবেক এই সামরিক শাসক যাতে পাকিস্তান ত্যাগ করতে না পারেন তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে আদালত। সংবিধান লঙ্ঘন করে ২০০৭ সালে জরুরি অবস্থা জারি করার জন্য আদালতে দায়ের করা কয়েকটি মামলার শুনানিতে গতকাল সোমবার এ নিষেধাজ্ঞা জারি করে আদালত। আজ মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে মোশাররফের হাজির নিশ্চিত করতে ইসলামাবাদ পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। খবর ডন-এর।
যাতে মোশাররফ দেশ ত্যাগ করতে না পারে তা নিশ্চিত করতে ও বহির্গমন নিয়ন্ত্রণ তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করতে পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতি জাওয়াদ এস খাজার নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। আদালত সরকারের অবস্থানও জানতে চেয়েছে। আদালতে মোশাররফের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপনকালে আইনজীবীর?া বলেন, সাবেক স্বৈরশাসক ২০০৭ সালে জরুরি অবস্থা জারি করে সংবিধান লঙ্ঘন করেছেন। তার এমন শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ সংবিধান লঙ্ঘন করার সাহস না করে।
