বরিশালে হেফাজতের আমীরসহ পাঁচজন গ্রেফতার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২৩:০১
বরিশাল মহানগর হেফাজতে ইসলামের আমীর ও নগরীর মাহমুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওবায়দুর রহমান মাহবুবসহ ৫ জনকে আটকের পর বিক্ষোভের মুখে ১২ঘন্টা পর আমীরকে মুক্তি দেয়া হয়েছে। রবিবার রাতে রূপাতলী বাস টার্মিনালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নিয়ে মাওলানা ওবায়দুর রহমান হরতালের সমর্থনে গণসংযোগ করতে যান। টার্মিনাল এলাকায় স্থানীয় আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর সুলতান মাহমুদ তাদেরকে মারধর করে র্যাবের কাছে সোপর্দ করেন। রাত সাড়ে ১২টায় আটক নেতাকর্মীদের কোতয়ালী থানায় সোপর্দ করা হয়। ঘটনার পরপরই নগরীর বাজার রোড খাজা মাইনুদ্দিন মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গ্রেফতারকৃতদের মুক্তি না দিলে দক্ষিণাঞ্চল অচল করে দেয়ার হুমকি দেয়। সে অনুযায়ী গতকাল সোমবার ফজরের নামাজের পরই বিভিন্ন মসজিদ-মাদ্রাসার মুসল্লিরা এসে বিক্ষোভ সহকারে কোতয়ালী মডেল থানা ঘেরাও করে। বেলা বাড়ার সাথে সাথে ওবায়দুর রহমানের মুক্তির দাবিতে লোক সমাগম বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে কোতয়ালী থানার ওসি তাকে ছেড়ে দিতে বাধ্য হন। কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম কবির ইত্তেফাককে জানান, হেফাজতে ইসলাম মহানগর শাখার আমীর মাওলানা ওবায়দুর রহমান মাহবুবকে শারীরিক অসুস্থতার জন্য ছেড়ে দেয়া হয়েছে। অপর আটককৃদের বিরুদ্ধে যানবাহনে হামলা-ভাংচুরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। অধ্যক্ষ ওবায়দুর রহমানের মুক্তির দাবিতে সদর রোডে জড়ো হওয়া হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হরতালের সমর্থনে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় নগরীতে বিক্ষোভ মিছিল করে। হরতালে নগরীর অভ্যন্তরীণ এবং দূরপাল্ল¬া রুটের বাস চলাচল বন্ধ ছিল। নগরীতে রিক্সা, অটোরিক্সা চলাচল করেছে।