আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুতে শূন্য হওয়া নওগাঁ-৫ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ মে উপ-নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রাখা হয়েছে ২৫ এপ্রিল। প্রার্থী বাছাই করা হবে ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ মে।
গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ ইসি সচিবালয়ে কমিশন বৈঠক শেষে এই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। এ সময় তিনি বলেন, সংবিধান অনুযায়ী ৩ জুনের মধ্যে এই উপ-নির্বাচন আয়োজনের আইনী বাধ্যবাধকতা রয়েছে। সিইসি জানান, নিয়মানুযায়ী নির্বাচনের দিন ওই এলাকায় সরকারি সাধারণ ছুটি থাকবে।
এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন রাজশাহীর বিভাগীয় নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ূন কবির। এই উপ-নির্বাচনের এলাকায় একটি পৌরসভাসহ ১২টি ইউনিয়ন রয়েছে। দুই লাখ ৮৪ হাজার ২১৭ জন ভোটারের জন্য সেখানে ভোট কেন্দ্রের সংখ্যা ৮৪টি ও ভোট কক্ষ করা হয়েছে ৫৪৮টি।
আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল জলিল গত ৬ মার্চ সিঙ্গাপুরে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
