তোমাদের চিঠি থেকে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ১৮:২৩
কচি-কাঁচার আসরের বন্ধুরা, বাংলাদেশের পত্র পত্রিকার ইতিহাসে দৈনিক ইত্তেফাকে’ দু পৃষ্ঠার শিশু কিশোর বিভাগ ছাপা একটি উল্লেখযোগ্য সংযোজন। যা বাংলাদেশের লক্ষ লক্ষ শিশু-কিশোরদের কাছে ‘কচি-কাঁচার আসর’ নামে পরিচিত। যেখানে ছাপা হয় ছড়া, কবিতা, গল্প, কুইজ, শিশু-কিশোর খবর, সাক্ষাত্কার ইত্যাদি। এই আসরের আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে সদস্য ফরম, যারা এ বিভাগে লিখতে চায়, তারা চাইলেই আসরের সদস্য হতে পারে। দেশের প্রতিষ্ঠিত লেখক, কবি ও ছড়াকারের সাক্ষাত্কার লক্ষ শিশু-কিশোরের মনে প্রেরণা জোগায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বায়ান্নোর ভাষা আন্দোলন সম্পর্কীয় লেখাগুলো শিশু-কিশোরকে দেশ প্রেমে উজ্জীবিত করে। হে প্রিয় কচি-কাঁচার আসর, তুমি লক্ষ শিশু-কিশোরের প্রেরণার উত্স হয়ে এগিয়ে চলো দীপ্ত পথে। মোহাম্মদ সায়েদ কবির দশম শ্রেণি, সদস্য নম্বর: ৩১৫৯ পেকুয়া, কক্সবাজার। ---- প্রিয় বন্ধুরা, শুভেচ্ছ নিও তোমরা অনেকেই জানো কচি-কাঁচার আসর ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের একটি শিশু পাতা। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা ও খেলাধুলার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা, দেশ ও মানুষকে ভালবাসার মানসিকতার বিকাশে শিশুদের এক একজনকে সুনাগরিক হিসেবে বেড়ে ওঠার প্রেরণা যোগাচ্ছে এই শিশু-কিশোর বিভাগটি। ফলে শিশুরা দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পাচ্ছে। আর এর পৃষ্ঠপোষকতায় ছিলেন নির্ভীক কলম সৈনিক শ্রদ্ধাস্পদ তফাজ্জল হোসেন মানিক মিয়া এবং তাঁর সম্পাদিত পূর্ব বঙ্গের মানুষের মুখ্যপত্র ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাক। ১৯৫৫ খ্রিষ্টাব্দের ২ এপ্রিল তাঁর-ই পৃষ্ঠপোষকতায় রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের সম্পাদনায় প্রথম কচি-কাঁচার আসর ছাপা হয়। আজকে আমি কচি-কাঁচার আসরের জন্মদিনে ইত্তেফাক প্রাণপুরুষ তফাজ্জল হোসেন মানিক মিয়াকে গভীরভাবে স্মরণ করছি। কেননা তাঁরই জন্য আমরা আজকের এই দু’পৃষ্ঠার রঙিন কচি-কাঁচার আসর পেয়েছি। যার মধ্য দিয়ে আমরা অনেকেই সাহিত্য-সংস্কৃতি চর্চার সুযোগ পাচ্ছি। দিনে দিনে এগিয়ে যাক প্রিয় ইত্তেফাক পরিচালিত কচি-কাঁচার আসর। এই কামনায় শুভেচ্ছাসহ আসরের বন্ধু- মীর রবিউল ইসলাম রবি সদস্য নম্বর: ১৬২৫ কচি-কাঁচার সবুজ পাঠক ফোরাম অন্নদানগর, পীরগাছা, রংপুর।