ক্যাম্পাসের প্রিয় মুখ উপমা। পুরো নাম ফারজানা মেহমুদ উপমা। ক্যাম্পাসের বন্ধুরা টেলিভিশনে উপমার নাটক দেখে বলে উঠে ‘আমাদের উপমা’! মুঠোফোনে বেজে উঠে উপমার মডেলিং এ ইলিয়াসের জনপ্রিয় গান ‘না বলা কথা’। ক্যাম্পাসের আড্ডায় উপমার নাম চলে আসে প্রতিনিয়ত। আমাদের এবারের ক্যাম্পাস তারকা আজম খান কমার্স কলেজের উপমা। নাটকের মানুষ উপমা। মডেলিং আর বিজ্ঞাপনের রঙ্গিন দুনিয়ায়ও আছে তার পদচারণা। উপমা নিজেকে নিয়ে বলতে গিয়ে-‘আমার বেড়ে উঠা খুলনায়। ছোট বেলা থেকেই ইচ্ছে ছিলো অন্যরকম কিছু করার। সেই ইচ্ছার পূর্ণতা দেয়ার চেষ্টা করছি।’
কথা হলো উপমার সঙ্গে। নাটকে কাজ করছেন প্রায় ২ বছর হলো। সবুজ ওড়না, বৃষ্টি এবং সাদা টয়েটা, দাদীমা, জননী একাত্তর, নিয়তির খেলা, তুমি যেমনি হও তোমাকে ভালোবাসিসহ প্রায় ২০টি নাটকে অভিনয় করেছেন। এছাড়া আরও অনেক নাটকে কাজ করছেন। অভিনয় নাকি পড়াশোনা কোনটিকে প্রাধান্য জানতে চাইলে উপমা বলেন, দু’টিকেই গুরুত্ব দিচ্ছি। একটু আবেগজড়িত কণ্ঠে উপমা বলেন, ‘পুরোদমে হয়ে উঠেছি নাটকের মানুষ। অসংখ্য ছোট ভাই ছোট আপুরা উত্সাহ দিয়েছে আমাকে। আমি চাই অভিনেত্রী হয়ে বেঁচে থাকতে।’
ছায়া মুকুট নাটকের ‘তাহমিনা’ চরিত্রটি তুমুল জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে দর্শকদের মাঝে। তবে শুধু অভিনয় নয়, পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যাচ্ছেন সমানতালে। আজম খান কমার্স কলেজে পড়ছেন উপমা। আর এ পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তরুণ প্রজন্মের পছন্দের এই অভিনেত্রী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাশাপাশি নাটকের মানুষ হিসেবে সবাই মূল্যায়ন করে এই অনুভূতিটা কেমন জিজ্ঞেস করলে উপমা বলেন, ‘সময়মত টিউটোরিয়াল দিতে পারতাম না। তবে আমি আমার বিভাগের শিক্ষক ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞ। কারণ তারা আমাকে সব বিষয়ে সহযোগিতা করেছেন।’
