নর্থ সাউথ ইউনিভার্সিটি
ক্যাম্পাস প্রতিবেদক
কম্পিউটার ক্লাবের তথ্য-প্রযুক্তি উত্সবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী প্রযুক্তি উত্সবের মধ্যে ছিল প্রোগ্রামিং এবং গেমিং প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রকৌশল প্রকল্প প্রর্দশনী, কর্মশালা এবং সেমিনার। পিল্যাব বাংলাদেশ এবং টেকশপ বিডি এর সহযোগিতায় রোবোটিক প্রকল্পটি উপস্থাপন করা হয়। দেশের ২৩ বিশ্ববিদ্যালয়ের ৬৭টি দল পাঁচ ঘন্টাব্যাপি অনুষ্ঠিত প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয়। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রথম এবং শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে। আকর্ষণীয় গেমিং প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
---
শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মুহাম্মাদ রিয়াজ উদ্দিন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে প্রকাশিত হয়েছে ত্রৈমাসিক সাহিত্য কাগজ ‘কালের ধ্বনি’। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে পত্রিকাটির মোড়ক উন্মোচনের অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলা বিভাগের প্রধান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুর রহিম প্রধান অতিথি হিসেবে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘কালের ধ্বনি’র সম্পাদক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম, সহকারী অধ্যাপক মো. ফয়জুল হক, শিরিন আক্তার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন পত্রিকাটির সমন্বয়ক বিলাল আহমদ।
