উপস্থাপনায় অপূর্ব ও অপি করিম

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২০:০৭
এবার পহেলা বৈশাখের বিশেষ একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন অভিনয়শিল্পী অপূর্ব ও অপি করিম। নাটক-টেলিফিল্মে তারা দু’জন একাধিকবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেও এবার তারা একসঙ্গে উপস্থাপনাও করছেন। মৌলিক ও নান্দনিক অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছে বৈশাখের বিশেষ ‘পাঁচফোড়ন’। ব্যতিক্রমী উপস্থাপনায় কখনও নাটকীয়ভাবে কখনও ছন্দে ছন্দে এর প্রতিটি আইটেম পরিবেশন করা হয়। গত ১ যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। আর এই অনুষ্ঠানটিরই উপস্থাপনা করছেন অপূর্ব ও অপি করিম। এবারের ‘পাঁচফোড়ন’-এ বৈশাখের উপর তিনটি গান রয়েছে। একটি গেয়েছেন জনপ্রিয় এসআই টুটুল। নববর্ষকে নিয়ে গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন এসআই টুটুল। পরিবেশন করেছে ধ্রুবতারা ব্যান্ড। বৈশাখকে নিয়ে আর একটি দ্বৈত সংগীতের চিত্রায়নে অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানটির উপস্থাপক অপূর্ব ও অপি করিম। অনুষ্ঠানটি এটিএন বাংলায় পহেলা বৈশাখ রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে।