বিশ্রামহীন কাদেরী কিবরিয়া

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২০:০৮
বেশ কিছুদিন হলো আমাদের দেশের বরেণ্য রবীন্দ্র সংগীতশিল্পী কাদেরী কিবরিয়া ঢাকায় অবস্থান করছেন। পারিবারিকভাবে অনেক বছর আগেই তিনি পাড়ি দিয়েছিলেন সুদূর আমেরিকায়। অবশেষে দেশে এসেই এত স্যাটেলাইট চ্যানেলের শহরে যেন তার হঠাত্ ব্যস্ততা বেড়ে যায়। নিজের ব্যক্তিগত কাজের ফুরসতও যেন পাওয়া ভার। দেশের অগণিত ভক্ত শ্রোতাদের চাহিদা মেটাতেই একের পর এক বিভিন্ন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অংশ নেন তিনি। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও বেশ কটি কনসার্টে অংশ নিয়েছেন। দেশের রাজনৈতিক এই অস্থিরতার কারণে বেশ কিছু জায়গায় তিনি যেতেও পারেননি। তবে এবারে দেশে এসে তার একটি একক অ্যালবামের রেকর্ডিংয়ের কথা থাকলেও একাধিক স্টেজ শো করার কারণে সেই চিন্তাও বাদ দিয়েছেন। কাদেরী কিবরিয়ার কথায়, ‘ইচ্ছে ছিল একটি অ্যালবাম করার। কিন্তু এত মঞ্চে গেয়ে গলাকে রেস্ট দিতে পারিনি। তাই বেঁচে থাকলে আগামী আগস্টে কিছু গানের রেকর্ড উপহার দেব আশা রাখছি।’ উল্লেখ্য, আসছে বৈশাখে ঢাকায় প্রায় সারাদিনই একাধিক অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন।