ইউসুফের ‘একলা রাতের নদী’

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২০:০৮
তরুণ শিল্পীদের ক্ষেত্রে ক্লাসিক্যাল রপ্ত করা শিল্পী দেখায় যায় না এমনিতেই। আর রিয়েলিটি শোয়ের তারকাদের ভেতরে তো এই ঘাটতি আরও বেশি। ইদানীং রিয়েলিটি শো থেকে আসা তারকারা উপস্থাপনা আর অন্যান্য অনুষঙ্গে এতটা জড়িয়ে যায় যে পরবর্তীতে সে শিল্পী না মডেল তা বের করা খুব কঠিন হয়ে পড়ে। ঠিক সেদিক বিচারে একেবারে ভিন্নপথে হাঁটেন কণ্ঠশিল্পী ইউসুফ। স্বভাব বিনয়ী এই শিল্পীর বাবা দেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীত শিল্পী ইয়াকুব আলী খান। তারই যোগ্য পুত্র ইউসুফের সম্প্রতি একটি একক অ্যালবাম প্রকাশ হয়েছে। অ্যালবামের নাম ‘একলা রাতের নদী।’ অ্যালবামের গান লিখেছেন ফৌজিয়া হুদা, সুর করেছেন ইয়াকুব আলী খান ও সবকটি গানে কণ্ঠ দিয়ে ইউসুফ। দীর্ঘদিন পর ড্রিম মেকারের ব্যানারে প্রকাশিত হলো ইউসুফের এই একক অ্যালবামটি। ইউসুফ বলেন, ‘অডিও বাজারের এই সময়ে কোনো প্রকাশকই আসলে গানের মূল্যায়ন করেন না। তাদের কাছে অর্থটাই যেন মুখ্য। টাকা দিলেই তারা যে কারও অ্যালবাম বের করতে প্রস্তুত। সেই হতাশা আর বিপরীত চরিত্র থেকে নিজেকে সরিয়ে অবশেষে ড্রিম মেকারের ব্যানারে অ্যালবামটি প্রকাশ পাচ্ছে। আমি বলব বর্তমান সময়ে প্রচলিত প্রকাশকের চরিত্রের বাইরে ড্রিম মেকারের চিন্তাধারা একেবারেই আলাদা। তারা গানকে যত্ন করে শিল্পীর যোগ্য সম্মান দিয়েই অ্যালবাম প্রকাশ করতে চায়।’