যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল চলতি মাসের শেষ দিকে ইসরাইল সফরে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো তিনি ইসরাইলে যাচ্ছেন। মঙ্গলবার ইসরাইলের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। হেগেল এবং ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী মোসে ইয়ালোন গতমাসে টেলিফোনে এই সফরের বিষয়ে কথা বলেন বলে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়। জানা গেছে, ২১-২৩ এপ্রিলের মধ্যে হেগেল ইসরাইল সফর করবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বর্তমানে ইসরাইল ও ফিলিস্তিন সফরে রয়েছেন। বিবদমান দুই দেশের মধ্যে দীর্ঘ সময় ধরে শান্তি আলোচনা স্থগিত হয়ে থাকায় তা পুনরায় শুরু করার প্রচেষ্টার অংশ হিসেবে কেরির এই সফর। এর আগে মার্চে ওই অঞ্চল সফর করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরই ধারাবাহিকতায় হেগেলও দেশটি সফরে যাচ্ছেন। ইরানের ক্রমাগত পরমাণু শক্তি অর্জনের আশঙ্কা ও হুমকিও দুই ঘনিষ্ঠ মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যকার নিয়মিত আলোচনার বিষয়। ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিচ্ছে। এই প্রতিরক্ষা ব্যবস্থায় গাজা উপত্যকা থেকে ইসরাইলের সীমানায় জঙ্গিদের ছোঁড়া স্বল্পপাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্রসহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলাও ঠেকিয়ে দেয়া সম্ভব।
