চট্টগ্রামে বিদ্যুত্ সংকট কাটানোর দাবি পোশাক উদ্যোক্তাদের

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২০:৩৩
বন্দরনগরী চট্টগ্রামে তৈরি পোশাক কারখানায় বিদ্যুতের সংকটে উদ্বেগ জানিয়েছে এ খাতের উদ্যোক্তারা। চলমান রাজনৈতিক অচলাবস্থার সময় এই সংকটকে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ আখ্যায়িত করে গার্মেন্টস শিল্পের জন্য বিদ্যুত্ পরিস্থিতির উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা। গতকাল গণমাধ্যমে পাঠানো বিজিএমইএ’র অতিরিক্ত সচিব ইফতেখার হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, স্বাভাবিকভাবেই দিনের বেলায় চাহিদা মোতাবেক বিদ্যুত্ পাওয়া যায় না। কারখানায় দৈনিক প্রায় ৫ ঘন্টা লোডশেডিং হচ্ছে। এ অবস্থায় সময়মত তৈরি পোশাক রপ্তানি করতে না পারায় বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিলের পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে স্টকলটের (অর্ডার বাতিল করা তৈরি পণ্য) সম্মুখীন হয়ে রুগ্ন হয়ে পড়ছে অনেক পোশাক শিল্প। নিজস্ব জেনারেটর চালিয়ে উত্পাদন অব্যাহত রাখতে গিয়ে পোশাক শিল্পগুলোর উত্পাদন ব্যয় বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আবার কারখানার ওভারহেড (পরোক্ষ) খরচও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। কিন্তু বিদেশি ক্রেতারা এই অতিরিক্ত মূল্য দিতে আগ্রহী নয়। এই অবস্থায় সময়মত শ্রমিকদের মজুরি পরিশোধ করতে গিয়ে হিমশিম খাচ্ছে এবং অযথা দায়গ্রস্ত হয়ে পড়ছে গার্মেন্টস শিল্প মালিকগণ।