ময়মনসিংহের ফুলপুর উপজেলার তারাকান্দায় দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক বখাটের এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশ ও মাদ্রাসা সূত্র জানায়, মধুপুর দাখিল মাদ্রাসার ঐ ছাত্রী সোমবার সকালে তারাকান্দা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে মনির হোসেন (১৬) নামের এক বখাটে তরুণ তাকে ইভটিজিং করে। পরে বটতলা নামকস্থানে পৌঁছলে ঐ ছাত্রী মাদ্রাসার এক শিক্ষককে পেয়ে এই ঘটনা জানায়। পরে ঐ শিক্ষক স্থানীয় লোকজনের সহযোগিতায় বখাটে মনিরকে ধরে মাদ্রাসায় নিয়ে আটক করে পুলিশে খবর দেয়। পরে সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএস ফেরদৌস বখাটে মনির হোসেনকে এক মাসের কারাদণ্ড প্রদান করে। মনির হোসেন উপজেলার বালিখাঁ ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের আব্দুল গফুরের পুত্র।
