শ্রীপুরে অপহূত যুবক উদ্ধার হয়নি

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২১:০৩
মাগুরার শ্রীপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের তাপস দাস(২৫) নামে এক যুবক অপহরণের দু’দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করতে পারেনি শ্রীপুর থানা পুলিশ। জানা যায়, উপজেলার বিষ্ণুপুর গ্রামের রতন দাসের দু’পুত্র তাপস দাস ও গৌরাঙ্গ দাস গত রবিবার রাতে পার্শ্ববর্তী দুরান নগর ওয়াপদা খালে মাছ ধরে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ১০-১২ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী অস্ত্রে মুখে জিম্মি করে তাদের দু’ভাইকে অপহরণ করে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর ছোট ভাই গৌরাঙ্গ দাসকে ছেড়ে দিয়ে বড় ভাই তাপস দাসকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ গত দু’দিন ধরে বেশ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। তবে অপহূতের কাকা অমৃতলাল দাস জানান, অপহরণের পর থেকে অজ্ঞাত মোবাইল ফোন নম্বর থেকে তাপসের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়ে পুলিশ অপহূতের উদ্ধারের ব্যাপারে জোর তত্পরতা চালিয়ে যাচ্ছে।