কুড়িগ্রামে ৮ গ্রিলকাটা চোর গ্রেফতার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২১:০৫
কুড়িগ্রাম সদর থানা পুলিশ কুড়িগ্রাম ও রংপুর শহরের একটি হোটেল থেকে আন্তঃজেলা গ্রিলকাটা চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে। কুড়িগ্রাম জেলা শহরের বানিয়াপাড়ার শওকত সরদারের বাড়িতে শনিবার বিকালে গ্রিল কেটে চুরির সময় প্রতিবেশীরা শব্দ পেয়ে চোরদের ধাওয়া করলে ৩ জন পালিয়ে যায়। ধরা পড়ে পটুয়াখালীর দশমিনার সোহাগ (২৫) নামে এক চোর। তার দেয়া তথ্যমতে রাতেই রংপুর শহরের নিউ তাজ হোটেল থেকে একই এলাকার স্বপন (২৫), শরিয়তপুরের পালং এলাকার গোলাম মোস্তফা (২৪), ঢাকার ডেমরা এলাকার শাহীন (২৩) ও বরগুনার আমতলীর জুয়েলকে (২৬) গ্রেফতার করে আনা হয়। এর সূত্র ধরে সোমবার ভোরে রংপুর জেলার পীরগাছা উপজেলার চন্ডিপুর এলাকা থেকে পুলিশ ভোলা সদরের জংশং গ্রামের সুমন হোসেন (২১), পটুয়াখালীর দশমিয়া উপজেলার খালিশাবাড়ি গ্রামের লেয়ার (২০) এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সিতলারপাড় গ্রামের বাবু (২২) নামে ৩ জনকে আটক করে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্তঃজেলা গ্রিল কাটা গ্যাংয়ের সদস্য।