লাগাতার হরতাল ও অবরোধের কারণে বাঘাবাড়ী মিল্কভিটার আওতাধীন ৫৫২টি দুগ্ধ সমবায় সমিতির খামারীরা দুধ নিয়ে মহাবিপাকে পড়েছে। সোমবার থেকে বাঘাবাড়ী মিল্কভিটা কারখানার শ্রমিক-কর্মচারীদের আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করে নিলেও হরতাল, অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে খামারীদের নিকট থেকে বাঘাবাড়ী মিল্কভিটা দুধ নেয়া বন্ধ করে দেয়ায় খোলা বাজারে ফেরি করে পাড়া-মহল্লায় কমমূল্যে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছে খামারীরা। রেশমবাড়ী দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতি সভাপতি আব্দুস সামাদ জানান প্রতিদিন সকাল-বিকাল দুই বেলায় প্রায় ২ লাখ লিটার দুধ ৫৫২ টি সমিতি মাধ্যমে বাঘাবাড়ী মিল্কভিটায় সরবরাহ করা হয়। লাগাতার হরতাল, অবরোধ ও আন্দোলনের কারণে বাঘাবাড়ী থেকে ঢাকায় দুগ্ধজাত কোন পণ্যই পাঠাতে না পারার কারণে বাঘাবাড়ী মিল্কভিটা কর্তৃপক্ষ আগামী বৃহস্পতিবার পর্যন্ত খামারীদের নিকট থেকে দুধ নিবে না বলে জানিয়ে দিয়েছে। এ কারণে খামারীদের প্রতিদিন প্রায় কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে। সমপ্রতি বিভিন্ন পত্রিকায় শিশুখাদ্য হিসাবে মিল্কভিটার দুধ পরিবহনের গাড়ি হরতালের আওতামুক্ত রাখার অনুরোধ করা হলেও হরতালকারীরা তা না মানায় ঢাকায় দুধ পাঠানো সম্ভব হচ্ছে না।
