আত্মবিশ্বাস ফেরানোর চ্যালেঞ্জ আজ

আপডেট : ০৭ মে ২০১৯, ০৮:৩৮

আত্মবিশ্বাসের প্রশ্ন এলে দুই বিপরীত মেরুতে থাকার কথা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। রবিবার রাতে বাংলাদেশ তাদের অনুশীলন ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে যাচ্ছেতাই ভাবে হেরেছে। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে স্রেফ গুঁড়িয়ে দিয়েছে। উদ্বোধনী জুটিতে বিশ্ব রেকর্ড গড়েছেন জন ক্যাম্পবেল ও সেই হোপ। আয়ারল্যান্ডের বিপক্ষে তারা ১৯৬ রানের জয় পেয়েছে। আয়ারল্যান্ডে আজ  মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে ডাবলিনে শুরু হবে খেলা।

 

রবিবার আয়ারল্যান্ড ‘এ’ দল বা আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে খেলতে নেমেছিলো বাংলাদেশ। আগে ব্যাট করে উলভস বিশাল একটা স্কোর করে। ম্যাককলামের ১০২ ও সিমি সিংয়ের ৯১ রানে ভর করে ৮ উইকেটে ৩০৭ রান করে তারা। সাকিব আল হাসান ১০ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন। এ ছাড়া তাসকিন নিয়েছিলেন ৩ উইকেট। এরপর ব্যাটিংয়েও একমাত্র সাকিব যা একটু করেন। তিনি ৫৪ রানের ইনিংস খেলেন। বাংলাদেশ ২১৯ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশ অবশ্য গত অনুশীলন ম্যাচের পারফরম্যান্সের জন্য বেশ কিছু ‘অজুহাত’খুঁজে পেতে পারে। প্রথমত এই দলে বিশ্বকাপ স্কোয়াডে আছেন এরকম কয়েকজন খেলোয়াড় খেলেননি। বিশ্রামে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, আবু জায়েদ রাহি। এছাড়া ত্রিদেশীয় সিরিজের দলে থাকা ইয়াসির আলী রাব্বি ও নাঈম হাসানও এই ম্যাচ খেলেননি। এর সাথে বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ হিসেবে হাজির হয়েছিল ঠাণ্ডা। হঠাৎ করেই চল্লিশ ডিগ্রির ঢাকা শহর থেকে বাংলাদেশ দল গিয়ে পড়েছে ১০ ডিগ্রিরও কম তাপমাত্রার আয়ারল্যান্ডে। ফলে এই আবহাওয়ায় মানিয়ে নেওয়াটাই তাদের মূল চ্যালেঞ্জ হয়ে পড়েছে।

আরো পড়ুন : জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী মারা গেছেন

এখন আজকের ম্যাচে এই আবহাওয়াকে জয় করার চ্যালেঞ্জ তাদের নিতেই হবে। দেশে থাকতেই অধিনায়ক মাশরাফি ধারণা দিয়েছিলেন, ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে অন্তত তারা সেরা একাদশ মাঠে নামাবেন। তিনি পরিষ্কার করে বলেছিলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে যে একাদশ খেলবে, সেই একাদশই ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলার কথা। সে ক্ষেত্রে আজ একাদশে ঢোকার কথা মাশরাফি, সাইফ, সৌম্য সরকারদের। তবে বাংলাদেশ যে একাদশ নিয়েই খেলতে নামুক না কেন, তাদের প্রবল প্রতিপক্ষ হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের। বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ওয়েস্ট ইন্ডিজ ততোটাই শক্তিশালী হয়ে উঠছে।  বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসটা ফিরে পেতে আজকের ম্যাচে ভালো কিছু করার বিকল্প নেই বাংলাদেশের সামনে।

 

ইত্তেফাক/ইউবি