হারিয়ে যাচ্ছে ‘বউ কথা কও’

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২১:২৭
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে গ্রাম বাংলার অতি পরিচিত বউ কথা কও পাখিটি হারিয়ে যাচ্ছে। বসন্তের শুরুতেই যে পাখি ‘বউ কথা কও’ বলে সারা গ্রাম মাতিয়ে তুলত সেই পাখির আর দেখা পাওয়া যাচ্ছে না। বৈশ্বিক আবহাওয়া পরিবর্তন ও ফসলে অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ, বাসা বাধাঁর মতো পুরাতন গাছ না থাকায় এই পাখি কমে যাওয়ার কারণ বলে জানা গেছে। হলদে রঙের এই পাখি নিয়ে এই এলাকায় অনেক গল্প প্রচলিত আছে। তার একটি হলো, এক কৃষকের বৌ একদিন রান্নার সময় তরকারিতে হলুদ বেশি দেয়। মাঠ থেকে কৃষক ফিরে ভাত খেতে বসলে তরকারিতে হলুদ বেশি দেয়ায় বৌকে মারধর করে। এক পর্যায়ে সে বৌয়ের মাথায় তরকারির মাটির পাতিল ভেঙ্গে ফেলে। বাড়ির বৌ এত অপমান সইতে না পেরে পাখি হয়ে উড়ে যায়। সারা শরীরে হলুদ ও মাথায় পাতিলের কালির কালো রং নিয়ে উড়ে বেড়ায়। এই পাখিকে অনেকে বেনে বৌ বলেও চেনে। বউ কথা কও পাখিটির ইংরেজি নাম Black hooded oriole. পাখিটির ঠোঁট থেকে লেজের ডগা পর্যন্ত দৈর্ঘ্য ২৩ থেকে ২৪ সেন্টিমিটার। এরা ঝোপঝাড়ের মধ্যে শুকনো ডাল ও খড়কুটা দিয়ে অগোছাল বাসা বানিয়ে থাকে। বসন্ত ও গ্রীষ্মের মাঝামাঝি এদের প্রজনন মৌসুম। সাদা রঙের বাদামী ফোঁটাযুক্ত তিন থেকে চারটে ডিম দিয়ে থাকে। মেয়ে ও ছেলে পাখি মিলে ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় পনের থেকে সতের দিনে। এরা সব রকম পোকা মাকড় খেয়ে থাকে। সুরেলা কণ্ঠের এই পাখিটি পরিবেশগত ভারসাম্যহীনতায় ধীরে ধীরে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে।