বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, রাজনৈতিক কর্মসূচির দায়িত্ব পালনের সময় আর যদি কোনো সাংবাদিক ও মিডিয়ার গাড়ির ওপর হামলা হয় তবে ওই রাজনৈতিক দলের সংবাদ বর্জন করা হবে। তিনি বলেন, সাংবাদিকদের ওপর আক্রমণ মানে দেশের গণতন্ত্রের ওপর আক্রমণ। নারী সাংবাদিকদের ওপর আক্রমণ মানে নারী সমাজের ওপর আক্রমণ। মিডিয়ার একটি গাড়ি পুড়িয়ে দেয়া মানে দেশের গণতন্ত্রকে পুড়িয়ে দেয়া।
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী সাংবাদিকের ওপর হামলা ও গণমাধ্যমের গাড়ি পোড়ানোর প্রতিবাদে সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে আয়োজিত সাংবাদিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের ডাক দেয় বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে।
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দেজাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন নারী সাংবাদিকের ওপর ৫০/৬০ জন পুরুষের আক্রমণ কোন ধর্মে আছে? হেফাজতে ইসলামের কর্মীরা কি নারীর ওপর হামলা করে ইসলাম হেফাজত করবে!
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া বলেন, বর্তমানে গণমাধ্যমের ওপর নতুন স্টাইলে হামলা শুরু হয়েছে, যা কেবল একাত্তরের সঙ্গেই তুলনা করা চলে, কেননা হামলাকারীরা একাত্তরের আদর্শকে ধারণ করে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, যারা একাত্তরের ইতিহাস ব্লগের মাধ্যমে তুলে ধরছেন তাদের আটক করে রিমান্ডের নামে যা তা করা হচ্ছে। এটা বন্ধ করুন। কারণ এ তরুণরাই আপনাদের ভোটার।
ডিইউজের সভাপতি ওমর ফারুক বলেন, হেফাজতের ১৩ দফা বাস্তবায়ন ও তা নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। সাধারণ সম্পাদক শাবান মাহমুদ বলেন, প্রশাসন গণমাধ্যমের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। প্রয়োজনে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট তারানা হালিম, শাহ আলমগীর, আলতাফ মাহমুদ, শাহনাজ বেগম, আব্দুল মজিদ, মাহমুদুর রহমান খোকন, আলহাজ্ব জহুরুল ইসলাম, সোহেল হায়দার চৌধুরী, রফিকুল ইসলাম খোকন, জালালউদ্দিন চৌধুরী ও বেলী আক্তার প্রমুখ।
আমাদের চট্টগ্রাম অফিস জানায়, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন বন্ধ না হলে হামলাকারীদের মদদদাতা রাজনৈতিক দল ও নেতাদের সংবাদ বর্জনের হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি আসে। সিইউজের রতন কান্তি দেবাশীষের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ফারুক তাহেরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি মোস্তাক আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বিএফইউজের যুগ্ম-মহাসচিব আসিফ সিরাজ, সিইউজের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, সিইউজে সাবেক সভাপতি এম নাসিরুল হক, আবু তাহের মুহাম্মদ, নাজিমুদ্দীন শ্যামল, স্বরূপ ভট্টচার্য, মামুন আবদুল্লাহ চৌধুরী ফরিদ, হাসান ফেরদৌস, মিন্টু চৌধুরী, একে আজাদ, সুমী খান, শহীদুল্লাহ শাহরিয়ার, আলী হায়দার, জুবায়ের সিদ্দিকী, রমেন দাশগুপ্ত, খোরশেদুল আলম শামীম, বিশ্বজিত্ বনিক, অনিন্দ্য টিটো, সাইদুল ইসলাম, ফেরদৌস শিপন, প্রীতম দাশ প্রমুখ।
