বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৩৬ ঘন্টার হরতাল প্রতিরোধে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীরা। এর মধ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে ছুরি, চাপাতি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উঁচিয়ে হরতালবিরোধী গণমিছিল হওয়ার খবর পাওয়া গেছে।
গফরগাঁও সংবাদদাতা জানান, সকালে পৌরশহরে স্থানীয় উপজেলা চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেল সমর্থিত উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সশস্ত্র গণমিছিল করেন। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে রামদা, সড়কি, চাপাতি, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। সকাল ১১টার দিকে মধ্যবাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমির হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ মুনসুর, স্বেচ্ছাসেবক লীগ নেতা তরিকুল ইসলাম রিয়েল, যুবলীগ নেতা মাওলানা আতাউর রহমান, ছাত্রলীগ নেতা ফেরদৌস খান প্রমুখ।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে হরতালের বিরুদ্ধে গণমিছিল হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
খুলনা:দুপুরে খুলনা মহানগর ও জেলা ১৪ দল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে। পরে আওয়ামী লীগ কার্যালয় চত্বরে ১৪ দলের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
বগুড়া:শহরে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বগুড়া শহর আওয়ামী লীগ। স্বেচ্ছাসেবক লীগের মিছিলটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকা হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পরপরই শহর আওয়ামী লীগ নেতা রফি নেওয়াজ খান রবিনের নেতৃত্বে হরতাল বিরোধী আরেকটি মিছিল শহর প্রদক্ষিণ করে।
ব্রাহ্মণবাড়িয়া:হরতালের প্রতিবাদে সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পুলিশ পাহারায় লাঠি মিছিল বের করা হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহেশপুর (ঝিনাইদহ):সকালে উপজেলা আওয়ামী লীগ হরতাল বিরোধী মিছিল বের করে। পুরাতন সোনালী ব্যাংক চত্বর থেকে বের হয়ে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরশুরাম:ফেনী জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুপুরে শহরে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ফেনী পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডস্থ দোয়েল চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ময়মনসিংহ:স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকারের নেতৃত্বে শহরে হরতাল বিরোধী লাঠি মিছিল হয়েছে।
মানিকগঞ্জ:হরতালের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগের নেতা-কর্মীরা। সকালে দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্তরে সমাবেশ করে। বক্তারা হরতালের তীব্র প্রতিবাদ জানান।
