২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে ইসলামী আন্দোলন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২২:৩৪
ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিযোগ করেছে, নাস্তিকদের বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। নাস্তিকদের অপতত্পরতা অবিলম্বে বন্ধ করা না হলে আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে সরকার পতন আন্দোলন শুরু হবে। গতকাল মঙ্গলবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিশে আমেলার (কার্যনির্বাহী পরিষদ) সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, নাস্তিকদের ব্যাপারে গণমানুষের সেন্টিমেন্ট বুঝতে ব্যর্থ হলে সরকারকে চরম মাশুল দিতে হবে। তিনি বলেন, অবিলম্বে ইসলামী আন্দোলনসহ ধর্মপ্রাণ জনতার প্রাণের দাবি নাস্তিক ব্লগারদের ফাঁসি কার্যকর ও ইসলাম অবমাননাকারীদের কঠোর শাস্তির আইন প্রণয়ন করুন। নাস্তিকদের অপতত্পরতা অবিলম্বে বন্ধ না করলে ২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে সরকার পতন আন্দোলন শুরু হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান প্রমুখ। এদিকে জনমত তৈরির লক্ষ্যে মহাসমাবেশে ঘোষিত যশোর থেকে কুয়াকাটা (পটুয়াখালী) রোডমার্চ : ১৯-২১ এপ্রিল, ঢাকা থেকে তেঁতুলিয়া (পঞ্চগড়) রোডমার্চ : ১৩-১৫ মে, ঢাকা থেকে সিলেট রোডমার্চ : ০২-০৩ জুন ও মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে ঢাকা থেকে মিয়ানমার অভিমুখে লংমার্চ: ০৮-১০ মে’র কর্মসূচি বাস্তবায়নে পৃথক পৃথক উপ- কমিটি গঠন করা হয়েছে।