গোয়েন্দা পুলিশের বোম ডিসপোজাল ইউনিটে হঠাত্ আগুন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২২:৩৪
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে বোম ডিসপোজাল ইউনিটে গতকাল মঙ্গলবার হঠাত্ আগুনে বোমসুট, হেলমেট, এক্সে মেশিন, ডিজাপটারসহ অফিসিয়াল কাগজপত্র পুড়ে গেছে। তবে সেখানে বিস্ফোরক বা দাহ্য জাতীয় জিনিসপত্র না থাকায় ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিটের একটি টিনশেড কক্ষে দুপুর আড়াইটার দিকে আগুন লাগে। বৈদ্যুতিক সটসার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন লাগার সঙ্গে সঙ্গে ডিবির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান। পাশের পুকুর থেকে পানি এনে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেন। আধা ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকান্ডে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ডিবির একজন কর্মকর্তা জানান, আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ডিবির লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তারা পাশের পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভাতে শুরু করলে ঘটনাস্থলের পাশের ওয়াসার পানির পাম্পের লোকজন এগিয়ে আসেন। ওয়াসার লোকজন পানি সরবরাহ লাইনের একটি হোসপাইপের সাহায্যে আগুনের ওপর পানি ছুঁড়তে শুরু করেন। ফলে আগুন আর ছড়াতে পারেনি। এতে বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায় ডিবি অফিস। অগ্নিকান্ডের পর ডিবির মূল গেট বন্ধ করে দেয়া হয়। পরে আর সাংবাদিকদের ঘটনাস্থলে যেতে দেয়া হয়নি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম ইত্তেফাককে বলেন, ‘ডিবির বোম ডিসপোজাল ইউনিটে লাগা এই আগুনে বোমসুট, হেলমেট, এক্সে মেশিন, ডিজাপটারসহ অফিসিয়াল কাগজপত্র পুড়ে গেছে। এতে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আর ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। ফায়ারের দু’টি ইউনিট আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।’ ডিবির বোম ডিসপোজাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন ইত্তেফাককে বলেন, ‘বোম ডিসপোজাল ইউনিটের একটি টিনসেটে আগুন লাগে। এখানে বিস্ফোরণ জাতীয় কিছু ছিল না। দাফতরিক কাজকর্ম হতো।’