শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণকালে গতকাল মঙ্গলবার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, নাস্তিক বলে গালি দিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করা ইসলামের বিধান নয়। আপনারা নাস্তিক বলার কে। কারো ভুলত্রুটি হলে আল্ল¬াহতালা দেখবেন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে নাস্তিক বলা ঠিক না। তিনি হেফাজতে ইসলামের নেতাদের উদ্দেশে বলেন, আপনারা যখন নারী নেত্রীর পাশে বসে বৈঠক করেন তখন আরাম লাগে। আর বলেন, নারী নেতৃত্ব হারাম।
তিনি আরো বলেন, আজকে বাংলাদেশ অনেক এগিয়েছে। বিশ্বের ২০টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম। আমার খারাপ লাগে এখনও কেন মানুষ গরীব থাকবে। ১০ কেজি চালের জন্য মানুষকে বসে থাকতে হয়। আমাদের তো উন্নত দেশে পরিণত হওয়ার কথা। উন্নয়ন করতে সবার সহযোগিতা লাগে। আমরা সবার সহযোগিতা চাই। এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার আনিসুর রহমান, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু প্রমুখ।
