টাঙ্গাইলে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার বদিউজ্জামান বুদ্দুকে (৩৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। গত সোমবার রাত পৌনে ১০টায় যুগনী হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, দলীয় কোন্দলের জেরে তাকে হত্যা করা হতে পারে। বুদ্দু সদর উপজেলার যুগনী গ্রামের সুরু মিয়ার ছেলে।
টাঙ্গাইল মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, সোমবার রাতে বুদ্দু যুগনী হাটখোলায় বসে আড্ডা দেয়ার সময় ১০-১২ জন মুখোশধারী ব্যক্তি তার ওপর হামলা চালায়। এসময় তারা বুদ্দুকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় যুগনী এলাকায় আতংক বিরাজ করছে। বুদ্দুর বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় বাঘিল ইউনিয়নের ইকবাল মেম্বার ও বজলু হত্যাসহ ১৫টি মামলা রয়েছে বলে জানান ওসি নজরুল ইসলাম।
