দীর্ঘদিন পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মোছলেম উদ্দিন আহমদকে সভাপতি এবং মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত সোমবার মোছলেম উদ্দিন আহমদ ঢাকায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার পর দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
২০০৬ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন শেষে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সে সময় সভাপতি হিসেবে মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু ও সাধারণ সম্পাদক হিসেবে মোছলেম উদ্দিন আহমদের নাম ঘোষণা করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। গত নভেম্বর মাসে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী এমপি মারা যান। এরপর থেকে শুধু সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদের নেতৃত্বে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কর্মকাণ্ড চলে আসছে। সম্প্রতি সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম চট্টগ্রাম সফরে আসলে শিগগির দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণার কথা জানান। ফলশ্রুতিতে গত সোমবার নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।
নতুন সদস্যদের মধ্যে রয়েছেন:সিনিয়র সহ-সভাপতি সুলতানুল কবির চৌধুরী, সহ-সভাপতি হাসিনা মান্নান এমপি, মোতাহেরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান চৌধুরী, শাহজাদা মহিউদ্দিন ও রাশেদ মনোয়ার, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সাংস্কৃতিক সম্পাদক মো. নাছির, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর পুত্র আনিসুজ্জামান চৌধুরী রনি। এছাড়াও নির্বাহী সদস্যের মধ্যে রয়েছেন:চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান।
