বাবার পথেই...

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ১৯:৫৯
বাবা দিলীপ বিশ্বাস ছিলেন বাংলা চলচ্চিত্রের বিখ্যাত চিত্রপরিচালক। তাই তো ছেলে দেবাশীষও শৈশবে মনে স্বপ্ন আঁকেন মিডিয়ায় কাজ করবেন বলে। বড় হয়ে বেছে নিয়েছেন উপস্থাপনা। উপস্থাপনা কঠিন হলেও নিজের মেধা, যোগ্যতা দিয়ে নিজেকে তারকার আসনে বসিয়েছেন। তার এই সাফল্যের পেছনের রহস্য কী জানতে চাইলে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমি প্রতিটি কাজ ভালোবেসেই করি। সেই সাথে প্রতিটি মানুষকে সম্মান করি এবং সময়ের কাজটা সময়ে করার চেষ্টা করি। এই সব কিছুর সমন্বয়েই আমার আজকের এই অবস্থানে আসা।’ একজন উপস্থাপকের জন্য বড় চ্যালেঞ্জ কী? উত্তরে তিনি বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করাই হলো একজন উপস্থাপকের জন্য বড় চ্যালেঞ্জ।’ উপস্থাপনার পাশাপাশি দেবাশীষ দুইটি চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন। একজন উপস্থাপকের কী কী গুণ থাকতে হয়? জবাবে তিনি বলেন, ‘প্রথমেই প্রয়োজন হয় উপস্থিত বুদ্ধি। এরপর সঠিক উচ্চারণ ও প্রতিটি সেক্টরের বেসিক নজেল থাকতে হবে একজন উপস্থাপকের।’ সম্প্রতি তার নতুন চলচ্চিত্র ‘ভালোবাসা জিন্দাবাদ’-এর ঘোষণা দিয়েছেন। এতে অভিনয় করবেন আরেফিন শুভ, আইরিন, শহীদুজ্জামান সেলিম, আব্দুল কাদের, তুষার খান, কাবিলাসহ আরও অনেকে। এই ছবির শুটিং হবে পূর্বাইল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভিন্ন মনোরম লোকেশনে। এতে গান ৫টি থাকছে। এরমধ্যে ৩টি গানের রেকর্ডিংও হয়ে গেছে। শওকত আলী ইমনের কথা ও সুর-কম্পোজিশনে গানগুলো হলো—‘চুপি চুপি আলাপন’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘একটি কবিতা তোমায় নিয়ে’, ‘চোখের আড়াল হতে দেব না তোমায়’ প্রভৃতি। দেশীয় কণ্ঠশিল্পী শওকত আলী ইমন, কণা এবং ভারতের সনু নিগম, শান ও পৃথা মজুমদার গান গাইবেন এই ছবির জন্য। নতুন এই চলচ্চিত্র সম্পর্কে দেবাশীষ বলেন, ‘এই ছবিটি রোমান্টিক অ্যাকশন ফিল্ম। গল্পে দেখা যাবে, একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসে। এত ভালোবাসে যে ছেলেটির জন্য মেয়েটি যেকোনো কিছু করতে প্রস্তুত থাকে। এখানে ওই ভালোবাসার মাঝে মেয়ের বাবা দেয়াল হয়ে দাঁড়ায়। বাবা ও প্রেমিকের ভালোবাসার মাঝখানে মেয়েটি পড়ে যায়। শেষে দুই ভালোবাসারই জয় হয়। তাই বলা যায়, পুরোটাই আউট অ্যান্ড আউট এন্টারটেইন মুভি।’ তিনি আরও বলেন, ‘আমার চেষ্টা থাকবে বাংলা সিনেমার জন্য নতুন ধারার সৃষ্টি করা। টেকনোলজির কিছু ব্যবহার, ফাইটিং, শর্ট টেকিং, কোরিওগ্রাফিতেও ভিন্নতার ছোঁয়া থাকবে, যা আগে দর্শকরা দেখেনি।’ এই ছবিতে আরেফিন শুভকে নায়ক হিসেবে কাস্ট করা প্রসঙ্গে দেবাশীষ বলেন, ‘যখন থেকে বাবার সাথে কাজ করেছি, তখনই শিখেছি গল্পের সাথে পছন্দসই নায়ক নিতে হবে। চলচ্চিত্রের প্রচলিত ৫টি অপশন থাকবে। তার কোনোটাই কম্প্রোমাইজ করা যাবে না। আমি চেয়েছি ছেলেটির মধ্যে যেন হিরোইজম চেহারা থাকে। সে হিসেবে শুভ পারফেক্ট। আর এটা নতুন জেনারেশনের ছবি। তাই শুভকেই আমার পছন্দ হয়েছে হিরো হিসেবে।’ আর ছবির নায়িকা আইরিন প্রসঙ্গে তিনি বলেন, ‘যে হিরোটি নেব তার সাথে যাবে এমন মেয়েই আমি খুঁজছিলাম। টিভি পর্দায় যে বেশি পরিচিত নয়, আবার পরিচিত। গ্ল্যামারাস একটি মেয়ে। ক্যারেক্টরের সাথে যায়। আমি আশা করি আইরিন নতুন হলেও অনেক ভালো কাজ করবে।’ আসছে কোরবানি ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। দীর্ঘ চার বছর পর আবার চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘ভালো প্রযোজকের অভাব ছিল। আর আমার মতাদর্শের সাথে মেলেনি। এবার মাহি বি চৌধুরীর প্রযোজনায় ইআর সিনেমা’র ব্যানারে আমার নতুন ছবিটি নির্মিত হচ্ছে।’ উল্লেখ্য, এর আগে দেবাশীষ বিশ্বাস পরিচালিত চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ২০০২ সালে ও ‘শুভ বিবাহ’ ২০০৯ সালে মুক্তি পায়। ছবি তাহের মানিক