সম্প্রতি কলকাতার মাঠে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠান। আর ওই অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন বলিউড কিং শাহরুখ খান। উদ্বোধনী অনুষ্ঠানে সব রং ছড়িয়ে উপস্থিত সবাইকে সেরা বিনোদন দিতে সর্বাত্মক চেষ্টা করেছেন তিনি। কারণ এটা ছিল শাহরুখের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অনুষ্ঠানে শাহরুখ নিজে তো পারফর্মেন্স করেছেন সঙ্গে নিয়ে এসেছিলেন বলিউডের এই সময়ের সেরা দুই সুন্দরী জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনকে। তাদের দুজনের সঙ্গেই শাহরুখের চমত্কার মধুর সম্পর্ক। তাই তারা কোনোভাবেই বলিউড বাদশার অনুরোধ উপক্ষো করতে পারেননি। শত ব্যস্ততার মধ্যেও শাহরুখের মুখ রক্ষা করতে কলকাতায় আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন ক্যাটরিনা ও দীপিকা। যদিও পরস্পরের দিক থেকে সারাক্ষণ মুখ ফিরিয়ে রেখেছিলেন তারা। একই মঞ্চে ক্যাটরিনা ও দীপিকা আলাদা আলাদাভাবে পারফর্ম করেছেন। সবশেষে শাহরুখের দু পাশে দুজন একসঙ্গে মঞ্চে উপস্থিত হয়েছেন। কিন্তু বলিউডের এই দু সুন্দরী নায়িকা পরস্পরের সঙ্গে একবারও কথা বলেননি, হাসি বিনিময় পর্যন্ত না। শাহরুখের সঙ্গে মঞ্চে উপস্থিত হলেও তারা পরস্পরের প্রতি ছিলেন একদম উদাসীন। তবে কৌশলী শাহরুখ ব্যাপারটি সামাল দিয়েছেন নিজস্ব কারিশমায়। তিনি ক্যাটস ও দীপসের স্নায়ু লড়াইয়ের বিষয়টি জানতেন। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে দুই সুন্দরী সহশিল্পী অভিনেত্রীকে উজ্জ্বল প্রাণবন্ত রাখতে শাহরুখ তার স্বভাবজাত ভঙ্গিতে নানা প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু তারপরেও সাধারণ দর্শক এবং মিডিয়ার চোখকে ফাঁকি দিতে পারেনি। ক্যাটরিনার এখন বয়স ২৮ চলছে। দীপিকা তার চেয়ে এক বছরের ছোট অর্থাত্ ২৭ চলছে তার। বলিউডে এখন তারা দু’জনই চমত্কার অবস্থানে আছেন। ক্যাটরিনা একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিচ্ছেন। গত বছর তার অভিনীত ‘এক থা টাইগার’ এবং ‘জব তক হ্যায় জান’ বক্স অফিসে বিরাট সাফল্য পেয়েছে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচাইতে কাঙ্ক্ষিত অভিনেত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি। বর্তমানে ‘ধুম থ্রি’ এবং ‘ব্যাং ব্যাং’ ছবি দুটিতে কাজ করছেন। এ ছাড়াও আগামী মাসে ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ উদযাপন উপলক্ষে মুক্তি প্রতীক্ষিত শর্ট ফিল্ম ‘মুম্বাই টকিজ’-এ ক্যাটরিনাকে দেখা যাবে। এখানে তিনি ক্যাটরিনা রূপেই উপস্থিত হবেন। অ্যাকশন ছবি ‘ধুম থ্রি’র জন্য তিনি অনেক পরিশ্রম করছেন এখন। অভিনীত চরিত্রটিকে বিশ্বাসযোগ্য এবং স্মরণীয় করতে চেষ্টার কোনো ত্রুটি করছেন না। স্ট্যামিনা, সহনশীলতা ও শক্তি অর্জনের জন্য দৈনিক ২ ঘণ্টা ধরে কঠোর অনুশীলন করেছিলেন তিনি এতদিন। এখন সেই ট্রেনিং ২ ঘণ্টা থেকে বাড়িয়ে ৫ ঘণ্টা করেছেন। এ ছাড়া ঋত্বিক রোশনের বিপরীতে অ্যাকশন-রোমান্টিক ছবি ‘ব্যাং ব্যাং’-এ অভিনয় করছেন তিনি বর্তমানে। মজার ব্যাপার হলো, বলিউডে দীর্ঘাঙ্গী নায়িকাদের দলে বিশেষ অবস্থানে রয়েছেন ক্যাটরিনা ও দীপিকা। তারা দুজনই সমান লম্বা। দুজনই ৫ ফুট সাড়ে ৮ ইঞ্চি উচ্চতার অধিকারী। দীপিকা অভিনীত ‘রেস টু’ ছবিটি চলতি বছরের প্রথম চারমাসে মুক্তিপ্রাপ্ত বলিউডি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করে এখন পর্যন্ত সর্বোচ্চ অবস্থানে রয়েছে। গত বছরেও দীপিকা অভিনীত ‘ককটেল’ ছবিটি ১০০ কোটি রূপি ব্যবসা করেছে। বর্তমানে তিনি সঞ্জয় লীলা বানসালির ‘রামলীল’ ছবিতে অভিনয় করছেন। বিশ্বখ্যাত প্রেমের কাহিনী ‘রোমিও জুলিয়েট’ অবলম্বনে নির্মাণাধীন এ ছবিতে দীপিকা আসছেন ভারতীয় জুলিয়েট লীলার ভূমিকায়। এ ছবিটি তার ক্যারিয়ারে নতুন আরেকটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। আগামী মাসে দীপিকা অভিনীত ‘ইয়ে জোয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটি মুক্তি পাবে। এ ছবিতে দীপিকা আবার অনেকদিন পর জুটি বেঁধে অভিনয় করেছেন তার প্রাক্তন প্রেমিক হিসেবে পরিচিত অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে। ইতোমধ্যে এ ছবির প্রচারণা শুরু হয়েছে। পর্দা জুটি হিসেবে দীপিকা-রণবীর আবার দর্শক হূদয়ে ঝড় তুলবেন এ ছবিতে ধারণা করা যায় ছবিটির বিভিন্ন নাচ-গানের দৃশ্য দেখে। অনেকদিন পর দীপিকা রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেও দীপিকার সঙ্গে রণবীরের আগের সেই মধুর রোমান্টিক সম্পর্ক জোড়া লাগেনি। রণবীর এখন তার প্রাক্তন প্রেমিকা দীপিকার প্রতি তেমন উত্সাহী নন। কারণ তিনি বলিউডের আরেক সুন্দরী নায়িকা ক্যাটরিনা কাইফের প্রেমে মজেছেন এখন। ক্যাটের সঙ্গে রণবীরের গভীর সম্পর্ক নতুন নয়। এর আগে তারা দু’জন একসঙ্গে ‘আজব প্রেম কী গজব কাহানি’ ছবিতে অভিনয় করেছেন। রোমান্টিক জুটি হিসেবে তারা বাজিমাত করেছিলেন ওই ছবিতে। পর্দার বাইরে বাস্তবে তখন তারা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তখন থেকেই রণবীর-ক্যাটরিনা প্রেমের নানা রসালো কাহিনী ছড়িয়ে পড়েছিল। কিন্তু মাঝখানে রণবীরের সঙ্গে ক্যাটের সম্পর্ক কিছু হালকা হয়ে গিয়েছিল। ‘এক থা টাইগার’ ছবিতে প্রাক্তন প্রেমিক সালমান খানের সঙ্গে অভিনয় করতে গিয়ে ক্যাটরিনা তার কাছাকাছি চলে গিয়েছিলেন তখন। কিন্তু কৌশলী এই অভিনেত্রী এরপর সালমানের সঙ্গে আপাতত কোনো ছবি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। সেই থেকে সালমানের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন ক্যাটরিনা, পাশাপাশি আবার রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন নতুন করে। এ কারণে রণবীরের প্রাক্তন প্রেমিকা হিসেবে দীপিকা বেশ চটেছেন ক্যাটের ওপর। দীপিকা এখন কোনোভাবেই সহ্য করতে পারছেন না রণবীরের বর্তমান প্রেমিকা ক্যাটরিনাকে। ক্যাটরিনাও বিষয়টি উপলব্ধি করে কোনোভাবেই দীপিকার মুখোমুখি হতে চাইছেন না। তারা কেউ পরস্পরের বিরুদ্ধে বিরূপ কোনো মন্তব্য না করলেও অন্তরে বৈরী মনোভাব ধারণ করে আছেন। এক প্রেমিক রণবীর কাপুরকে ঘিরে দুই সুন্দরী প্রেমিকা ক্যাটরিনা ও দীপিকার মধ্যে দারুণ এক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এটা এতদিন মনের মধ্যে পুষে রেখেছিলেন তারা দুজনই। কিন্তু শেষ পর্যন্ত দুই নায়িকা মনের মধ্যে পুষে রাখা ক্ষোভ প্রকাশ করেছেন তাদের সাময়িক আচরণের মাধ্যমে। দেখা যাক দুই নায়িকার যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে যায়।
