মিডিয়ার প্রতি তার আগ্রহ সেই ছোটবেলা থেকেই। এই আগ্রহের বহিঃপ্রকাশ ঘটাতে না পারলেও নিজেকে তৈরি করেছেন একটু একটু করে। আর সুযোগের অপেক্ষায় থেকেছেন মনের লালিত স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষায়। তাই তো নিজের স্বপ্ন পূরণের জন্য তিনি সুপার হিরো-হিরোইন প্রতিযোগিতায় অংশ নেন। নিজের মেধা, যোগ্যতা দিয়ে ওই ইভেন্টের শত শত তরুণীকে পেছনে ফেলে চতুর্থ হওয়ার গৌরব অর্জন করেন আয়েশা সুলতানা শম্পা। বেশ দীর্ঘ সময় প্রতীক্ষার পর এবার চলচ্চিত্রে অভিষেক ঘটছে তার। এসএম শাহনেওয়াজ শানু পরিচালিত ‘মাটির পিঞ্জিরা’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৬ এপ্রিল। এতে শম্পার সহশিল্পী শাহিদ। এ প্রসঙ্গে শম্পা বলেন, ‘মূলত চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন নিয়েই অভিনয় জগতে পা রাখি। অবশেষে ছবিটি মুক্তির মধ্য দিয়ে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। এই ছবি নিয়ে আমার অনেক প্রত্যাশা। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে ছবিটি।’ এ দিকে শিগগিরই তার আরও কয়েকটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ তালিকায় আছে মামুন খান পরিচালিত ‘লাভ ইউ প্রিয়া’। এই ছবিতে তার বিপরীতে আছেন সুপার হিরো সাগর। বর্তমানে শুটিং চলছে শম্পা অভিনীত হাসান কামরুলের ‘এক্সকিউজ মি’ এবং এম ফেরদৌস রেজা পরিচালিত ‘ওয়ান ওয়ে’। এই ছবিতে তার বিপরীতে আছেন সুপার হিরো সাগর। সম্প্রতি ‘ইফাদ আটা’ নামের একটি পণ্যের নতুন বিজ্ঞাপনচিত্রে পারফর্ম করেছেন তিনি। রিপন নাগের নির্দেশনায় এই বিজ্ঞাপনে তার কাজের অভিজ্ঞতা সম্পর্কে শম্পা বলেন, ‘এই বিজ্ঞাপনচিত্রটির গল্প অনেক সুন্দর। এই বিজ্ঞাপনচিত্রের প্রতিটি সিক্যুয়েন্স অনেক যত্ন নিয়েই করেছেন নির্মাতা।’ এই বিজ্ঞাপনচিত্রটি শীঘ্রই বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে। এর আগে তিনি আনজাম মাসুদের নির্দেশনায় ‘প্রমি চাটনি’ ও ‘বোটানিকা অ্যারোমা ফেয়ারনেস ক্রিম’-এর বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে শম্পা অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক। এগুলো হলো—এটিএন বাংলায় ‘বৈরী বাতাস’, বৈশাখী টিভিতে ‘বড় বাড়ির ছোট বউ’, দিগন্ত টিভিতে ‘হাজত’ প্রভৃতি। সেইসাথে অভিনয় করছেন ‘চেনা মন’, ‘যেখানে স্বপ্নের দেশ’, ‘কনফিউশন’ নামের ধারাবাহিক নাটকগুলোতে। নাটকে অভিনয় প্রসঙ্গে শম্পা বলেন, ‘আপাতত নাটকে একটু কম সময় দিচ্ছি। কারণ এই মুহূর্তে দুটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আমি। এই দুটি ছবি যদি শিগগিরই মুক্তি পায় এবং চলচ্চিত্রে একটি ভালো অবস্থান তৈরি হয় তাহলে অবশ্যই চলচ্চিত্রেই বেশি সময় দেবো।’ বর্তমানে টেলিকম ইঞ্জিনিয়ারিং বিষয়ে ড্যাফোডিলস্ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এই তরুণী। তার ইচ্ছা ভালো অভিনেত্রী হওয়া এবং মিডিয়ার ওপরে উচ্চশিক্ষা গ্রহণ করা। নিজের ইচ্ছা, মা এবং বড় ভাই আসিফের অনুপ্রেরণায় মিডিয়া ভুবনে এসেছেন শম্পা। ভবিষ্যত্ নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে শম্পা বলেন, ‘চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি দু’একটি বিজ্ঞাপনে কাজ করার ইচ্ছে আমার অনেক আগে থেকেই। কারণ এর মাধ্যমে দর্শকের কাছে নিজের পরিচিতির পরিধিটা বাড়ে অনেক তাড়াতাড়ি।’
