গল্প নয় সত্যি

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে!

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২০:১১
মাঝে মাঝে কারও কারও জীবনে এমন কিছু ঘটনাও ঘটে যেগুলো শুনতে কৌতুককর শোনালেও আসলে সেটিই বাস্তব। আর এমনই এক বাস্তবের মুখোমুখি হয়েই এবার নিজের ড্রাইভিং লাইসেন্স খুইয়েছেন সুইজারল্যান্ডের এক টিনেজার। গাড়ি চালানোর সময় হঠাত্ করেই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ায় ব্যস্ত সড়কে নির্ধারিত গতির অনেক বেশি গতিতে গাড়ি চালিয়ে বাসায় ফেরেন এই টিনেজার। আর তারই জের ধরে তাকে পুরো পথ তাড়া করে ফেরা ট্রাফিক পুলিশ জরিমানা হিসেবে বাতিল করেছে এই টিনেজারের ড্রাইভিং লাইসেন্সটি। ঘটনার বিবরণে জানা যায়, মার্টিনা কোলার নামের ১৯ বছর বয়সী এই টিনেজার শহরের ব্যস্ততম এ ওয়ান মোটরওয়ে দিয়ে নির্ধারিত সীমার অনেকে জোরে গাড়ি চালাচ্ছিলেন। বিষয়টি রাস্তার পাশে থাকা স্পিড ক্যামেরায় ধরা পড়ার পর থেকেই কোলারের পিছু নেয় সুইস সেন্ট গ্যালেন পুলিশ। কিন্তু এ সময় প্রচণ্ড গতিতে গাড়ি চালাতে থাকা কোলারকে একটি বারের জন্যও নাগাল পায়নি ঐ টহল পুলিশের দল। অবশেষে নিজের বাড়ির কাছে গাড়ি থামিয়ে দৌড়ে বাসায় ঢুকে যাওয়ার পরই কেবল তার গাড়ির নাগাল পায় পুলিশ। এর কিছুক্ষণের মাঝে ঘর থেকে ফিরে এভাবে দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণ ব্যাখ্যা করলেও ব্যস্ত রাস্তায় এভাবে গাড়ি চালানোর বিষয়টি ক্ষমা করেনি পুলিশ। তাছাড়া এ সময় গাড়ির পেছনের সিটে তার দুই বছর বয়সী মেয়ে ঘুমিয়ে ছিল বলে অপরাধটিকে আরও গুরুতর বলে মনে করেছেন পুলিশ সদস্যরা। এদিকে প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য এভাবে গতিসীমা লঙ্ঘন করে গাড়ি চালানো প্রসঙ্গে মন্তব্য করতে যেয়ে স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘সে যদি এভাবে তাড়াহুড়ো না করে একটু ঠান্ডা মাথায় গাড়ি চালাতো তাহলে তার বাড়ি ফেরার পথেই অন্তত চারটি পাবলিক টয়লেট তার চোখে পড়ত।’