গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। বেড়েছে শেয়ার হাত বদলের পরিমাণও। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২০৯ কোটি টাকা। গত ২২ কার্যদিবস পর ডিএসইর লেনদেন দুইশ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, অনেক কোম্পানির শেয়ারের দাম এনএভির (শেয়ার প্রতি সম্পদমূল্য) কাছাকাছি রয়েছে। তাছাড়া অনেক ভালো কোম্পানির শেয়ারের দাম খুব কম থাকায় এসব শেয়ার কেনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। তাই কয়েকদিন ধরে বাজারের লেনদেন কিছুটা বাড়ছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৬ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৬১১ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ৬ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হয়েছে ২০৯ কোটি ৭৯ লাখ ৯৫ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ২২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৭৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার।
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৫৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৮৫ লাখ ২৭ হাজার ৮৯৩ টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ১৮৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ৬৬টির আর অপরিবর্তিত ছিল ১৭টি কোম্পানির শেয়ারের দর। ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক সমাপ্ত অর্থ বছরের জন্য তাদের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করেছে। ওয়ান ব্যাংক ৫ শতাংশ নগদ এং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ।
