হরতালে আর্থিক ক্ষতির হিসাব করছে এনবিআর

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২০:২১
হরতালের কারণে রাজস্বে কী পরিমাণ নেতিবাচক প্রভাব পড়ছে এবার তার হিসাবে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের অধীনে ১৯টি শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিশনারেটে হরতালের কারণে আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব জানতে চেয়ে সমপ্রতি চিঠি পাঠিয়েছে এনবিআরের পরিসংখ্যান বিভাগ। ইতিমধ্যে কয়েকটি কমিশনারেট থেকে গত এক মাসের ক্ষতির হিসাব এসেছে। বাকি কমিশনারেটও সহসা এই হিসাব পাঠাচ্ছে। এনবিআর সূত্র জানিয়েছে, আগামী অর্থবছরে রাজনৈতিক অস্থিরতায় কী পরিমাণ ক্ষতি হতে পারে তার একটি ধারণা নিতে চাচ্ছে এই সংস্থা। এ বিষয়টি মাথায় রেখে রাজস্ব লক্ষ্যমাত্রা ঠিক করতে চাচ্ছে তারা। এনবিআর মনে করছে, হরতাল-অবরোধের কারণে রাজস্ব আদায় বিঘ্নিত হবে। এই অবস্থায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এমন ভাবে ঠিক করতে হবে যা অর্জনযোগ্য। সম্প্রতি প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন বলেছেন, আগামী অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরতে হচ্ছে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা। কিন্তু চলমান পরিস্থিতিতে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে মনে করি না। সূত্র জানায়, ইতিমধ্যে পাঁচটি কমিশনারেট গত মার্চ মাসে হরতালের ক্ষয়ক্ষতির একটি হিসাব এনবিআরে পাঠিয়েছে। এর মধ্যে চট্টগ্রাম কাস্টম হাউজে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। গত মার্চ মাসে এই কাস্টম হাউজ ১০ দিনের হরতালের ফাঁদে পড়ে ক্ষতি হয়েছে ১৭৮ কোটি ২১ লাখ টাকা। এছাড়া যশোরে ৮ দিনের হরতালে ক্ষতি ৩ কোটি ১৬ লাখ, সিলেটে ১০ দিনের হরতালে ভ্যাট কমিশনারেটের ক্ষতি সাড়ে ৪৫ লাখ টাকা, ঢাকায় ৯ দিনের হরতালে ঢাকা কাস্টম হাউজের ক্ষতি দেড় কোটি টাকা। এছাড়া ঢাকা আইসিডি ও ঢাকা ও চট্টগ্রাম বন্ড কমিশনারেট, বেনাপোল, মংলা, পানগাঁও শুল্ক স্টেশন এবং ঢাকা উত্তর , পূর্ব, দক্ষিণ ও পশ্চিম ভ্যাট কমিশনারেট ; চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা ভ্যাট কমিশনারেটে ক্ষতির হিসাব শিগগিরই এনবিআরের হাতে আসবে। তবে এসব কমিশনারেটের ক্ষয়ক্ষতির হিসাবের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এসব কমিশনারেটে হরতাল ছাড়া স্বাভাবিক কর্মদিবসে দৈনিক গড় আয় ও হরতালের সময় দৈনিক গড় আয়ের উপর ভিত্তি করে ক্ষতির হিসাব করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত হরতালে আটকা থাকলেও পরবর্তী স্বাভাবিক কর্মদিবসে তা সম্পন্ন করা হচ্ছে। সে বিবেচনায় আলোচ্য আর্থিক ক্ষতি হরতালের প্রকৃত ক্ষতি নয়। তাছাড়া আলোচ্য পদ্ধতিও হরতালের প্রকৃত ক্ষতির নির্ণায়ক হতে পারে না।