আজ রাহার শেষ টেলিফিল্ম

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২০:৩৫
আজ রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্ম ‘নিভৃতে যে জন’। অকাল প্রয়াত অভিনেত্রী সুমাইয়া আজগর রাহা অভিনীত সর্বশেষ টেলিফিল্ম এটি। এরপর আর কোনো টেলিফিল্মে অভিনয় করা হয়নি তার। শামসুল বারী উত্পলের রচনা এবং সুজন বড়ুয়ার পরিচালনায় এ টেলিফিল্মে আরও অভিনয় করেছেন শোয়েব, ফারাহ রুমা, কল্লোল, ইমরান প্রমুখ। ভালোবাসার দ্বন্দ্ব-সংঘাতের গল্প নিয়ে নির্মিত এ টেলিফিল্মে দেখা যাবে, বাবা-মা বিদেশে থাকলেও দেশে থেকেই দেশের জন্য কাজ করতে চায় রাইয়ান। ফেসবুকের মাধ্যমে পরিচয় আধুনিকা সানিয়ার সাথে। সানিয়া বিদেশে গিয়ে জীবন গড়তে চায়। অন্যদিকে, প্রিয়া আর অয়নের পরিচয় মোবাইল ফোনে। কেউ কাউকে দেখেনি। রাইয়ান সানিয়ার সাথে আর প্রিয়া অয়নের সাথে দেখা করতে যায়। যানজটের মধ্যে ঘটনাক্রমে প্রিয়ার সঙ্গে পরিচয় হয় রাইয়ানের। এরপর গল্প নতুন মোড় নেয়।