লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার জারিদোনা শাখা খালের উপর হাজিরহাট বাজার অংশের প্রায় ১ কিঃ মিঃ জুড়ে খালের উপর রয়েছে বহুতল ভবনসহ বিভিন্ন স্থাপনা। খোঁজ নিয়ে জানা, যায় এক সময় এ অঞ্চলের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের একমাত্র অবলম্বন ছিল এ খালটি। খালের পি এস খতিয়ান ও নকশা অনুযায়ী গড় প্রশস্ততা প্রায় ৪০ ফুট, এখন গড়ে ৪ ফুটও নেই। ফলে বর্ষা মৌসুমে লক্ষ লক্ষ একর জমির ফসল পানির নিচে ডুবে যায় এবং স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয় মানুষ, এমনকি চর ফলকন তহশিলদার গত ১ অক্টোবর ২০১২, সহকারী কমিশনার (ভূমি), কমলনগরের কাছে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আবেদন করে ছিলেন যার স্মারক নং ১৪৮। এছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য গত ২৪ জুলাই ২০১২ মন্ত্রী পরিষদ বিভাগ পরিপত্র নং ০৪.৫১২.০৮২.০০.০০.০৩৬.২০১০-১৮১ মাধ্যমে নির্দেশ জারি করে। কিন্তু অজ্ঞাত কারণে প্রশাসন নীরব। এ ব্যাপারে কমলনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজিমউদ্দিন বলেন, এ জনদুর্ভোগের জন্য তিনি দুঃখিত এবং অচিরেই এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন।
