নকল দেওয়ার দায়ে সৈয়দপুরে তিন শিক্ষককে অব্যাহতি

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২০:৫৭
এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর মাঝে নকল সরবরাহের অভিযোগে তিন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে এ খবর পাওয়া যায়। সৈয়দপুর স্কুল এন্ড কলেজে এই ঘটনা ঘটে। জানা যায়, গত ৭ এপ্রিল ১৭ নং কক্ষে ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে ২ জন শিক্ষক দায়িত্ব পালনরত অবস্থায় উক্ত কলেজের উপাধ্যক্ষ প্রবেশ করে একজন শিক্ষার্থীর খাতা জোর করে কেড়ে নিয়ে সেটা থেকে অন্য কাগজে লিখে ২১, ২৬, ও ২৭ নং কক্ষে কয়েকজন পরীক্ষার্থীকে সরবরাহ করে। উক্ত শিক্ষার্থী প্রতিবাদ করলেও তাকে ধমক দিয়ে বসিয়ে রাখা হয়। পরীক্ষা শেষে বিষয়টি অভিভাবককে জানালে সেটি কেন্দ্র সচিবকে অবহিত করা হয়। বিষয়টি খতিয়ে দেখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসিলাম। ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত তিন শিক্ষক সৈয়দপুর কলেজের উপাধ্যক্ষ নার্জিজ বানু, একই কলেজের প্রভাষক আতাউর রহমান এবং সৈয়দপুর পাইলট বালিকা স্কুল ও কলেজের প্রভাষক শফিকুল ইসলামকে পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।