নৌপথে নিরাপত্তা নিশ্চিত ও বর্ধিত বেতন ভাতার দাবিতে মংলা বন্দরসহ সারাদেশে গতকাল বুধবার ৬ষ্ঠ দিনের মত নৌযান ধর্মঘট চলছে। দাবি আদায়ে শুক্রবার থেকে শুরু হওয়া এ কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন।
নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম জানান, গত ১১ জানুয়ারি সরকার ও নৌযান মালিক-শ্রমিকদের উপস্থিতিতে শ্রমিকদের ২০ শতাংশ বর্ধিত বেতন-ভাতা প্রদানের সিদ্ধান্ত হয়। কিন্তু এখনও পর্যন্ত মালিক পক্ষ শ্রমিকদের বর্ধিত বেতন-ভাতা প্রদান না করায় এবং নদীপথে চুরি, ডাকাতি চাঁদাবাজি বন্ধের দাবিতে দেশের ১০ হাজার নৌযানের (কার্গো, কোস্টার) প্রায় লক্ষাধিক শ্রমিক কর্মবিরতি শুরু করেছেন।
এদিকে লাগাতার এ কর্মবিরতির ফলে মংলা বন্দরে প্রায় শতাধিক নৌযানে (কার্গো, কোস্টার ও বার্জ) পণ্য বোঝাই-খালাস ও পরিবহন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও মংলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার।
এছাড়া বাংলাদেশ ভারত নৌ-প্রটোকল রুটসহ নদীপথে সারাদেশে পণ্য পরিবহনও বন্ধ রয়েছে।
