সার কারখানায় গ্যাস বন্ধের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২১:০২
সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জালালাবাদ গ্যাস। এই সিদ্ধান্তের খবরে কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবাদে গতকাল বুধবার শ্রমিকরা কারখানার প্রধান ফটকে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী জালালাবাদ গ্যাসের এই সিদ্ধান্তকে হটকারী বলে আখ্যায়িত করে বলেন, এই সিদ্ধান্ত বাতিলের জন্য তিনি জ্বালানি মন্ত্রণালয়ে লিখিত চিঠি পাঠাবেন। জানা যায়, গত ৪ এপ্রিল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক বরাবরে জালালাবাদ গ্যাসের পক্ষ থেকে লেখা এক পত্রে জানানো হয়, সেচ মৌসুমে বিদ্যুত্ উত্পাদনে গ্যাসের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় আগামী ৩১ জুলাই পর্যন্ত সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, আগামী ১২ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সার কারখানার সিবিএ সভাপতি সালেহ আহমদ জানান, গ্যাস কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত অবস্থান ধর্মঘট, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ ব্যাপারে সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক রসময় চক্রবর্তী জানান, সমস্যা নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।