খুলনার উন্নয়নে ১৮ দফা বাস্তবায়নের দাবি

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২১:৫৯
খুলনার উন্নয়নে ১৮দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার সকালে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে। খুলনায় আধুনিক রেল স্টেশন, গ্যাস সরবরাহ, বিমান বন্দর, মাওয়ায় পদ্মা সেতুসহ ১৮ দফা দাবি সংবলিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল বরাবর অবহেলা এবং বঞ্চনার শিকার। আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার অন্যতম কারণ। আসন্ন ২০১৩-১৪ জাতীয় বাজেটে খুলনার উন্নয়নে অধিক বরাদ্দ দিয়ে ১৮ দফা বাস্তবায়ন করার জন্য স্মারকলিপিতে দাবি জানানো হয়। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, নিজামউর রহমান লালু, এডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।